মিক্সার গ্রাইন্ডার কি বারবার নষ্ট হয়ে যাচ্ছে? অজান্তেই এই ভুলগুলি করছেন না তো!

রান্নাঘরের অন্যতম অপরিহার্য এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সরঞ্জাম হলো মিক্সার গ্রাইন্ডার। শিলনোড়ার ব্যবহার প্রায় উঠে যাওয়ায় রান্নাঘরের সমস্ত কাজ এখন এই যন্ত্রটির ওপরই নির্ভরশীল। কিন্তু মাঝেমধ্যেই দেখা যায়, সামান্য ব্যবহারের পরেই মিক্সার গ্রাইন্ডারটি নষ্ট হয়ে গেছে। অনেক সময় আমরা ভাবি যে ব্র্যান্ড খারাপ কিংবা ভোল্টেজের কোনো সমস্যা রয়েছে। কিন্তু আসল কারণটি লুকিয়ে থাকে আমাদেরই কিছু ছোটখাটো অভ্যাসের মধ্যে।

একটি মিক্সার গ্রাইন্ডার দীর্ঘস্থায়ী করার জন্য যেমন ভালো ব্র্যান্ডের প্রয়োজন, তেমনই সঠিক উপায়ে তা ব্যবহার করাও সমান জরুরি। মোটরের ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ না ফেলে কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই এই যন্ত্রটি অনেক দিন টিকবে। চলুন জেনে নেওয়া যাক সেই কমন ভুলগুলি, যেগুলির কারণে সাধের মিক্সারটি দ্রুত বিকল হয়ে যায়:

১. একটানা অনেকক্ষণ চালানো:

মসলা বা গ্রেভি তৈরি করার সময় অনেকেই ৩ থেকে ৪ মিনিট ধরে একটানা মিক্সার চালিয়ে যান। এর ফলে মোটর অতিরিক্ত গরম হয়ে কয়েল পুড়ে যেতে পারে। তাই মোটরকে কিছুটা বিশ্রাম দিতে মাঝে মাঝে মিক্সার বন্ধ করা উচিত।

২. ওভারলোড বা অতিরিক্ত ভর্তি করা:

যেকোনো কিছু গুঁড়ো করার সময় জারের ক্ষমতা মাথায় রাখা দরকার। জার কানায় কানায় ভর্তি করে দিলে, বিশেষ করে শক্ত গোটা মশলা পিষতে গেলে মোটরের ওপর প্রবল চাপ পড়ে এবং কয়েল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৩. অতিরিক্ত গরম জিনিস বা শক্ত উপাদান পেঁষা:

সরাসরি খুব গরম কোনো উপাদান ব্লেন্ড করা থেকে বিরত থাকুন। এতে যেমন মোটরের ওপর চাপ পড়ে, তেমনই জারের ব্লেডগুলোও দ্রুত ক্ষয় হয়ে যায়। নির্দেশিকা মেনেই সঠিক উপাদান ব্লেন্ড করা উচিত।

৪. ভুল জার ব্যবহার করা:

মিক্সারের সঙ্গে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা জার দেওয়া থাকে। যেমন, ছোট জারগুলো মূলত শক্ত গোটা মশলা গুঁড়ো করার জন্য। কিন্তু অনেক সময় মানুষ ভুল জার ব্যবহার করেন বা জারটি ঠিকমতো লক করেন না, যার ফলে যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যায়।