সারা দিন উপোস থেকে নিজে হাতে ভোগ রান্না, অতিথি আপ্যায়ন থেকে পুজো পর্বের প্রতিটি কাজে তদারকি—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রমাণ করলেন ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’। কালীঘাটে নিজের টালির বাড়িতে ৪৬ বছরের পারিবারিক কালীপুজোর প্রতিটি মুহূর্ত এদিন গৃহকর্ত্রীর মতোই সামলাতে দেখা গেল তাঁকে। গভীর রাতে পুজো শেষে সোশাল মিডিয়ায় সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এবং তাঁর বাড়ির পুজোর বেশ কিছু ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার মাঝরাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে বাড়ির কালীপুজোর একাধিক ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।” তিনি জানান, এই বছর তাঁর বাড়ির কালীপুজো ৪৬তম বর্ষে পদার্পণ করেছে।
‘অন্ধকারে আশ্রয় নিয়েছি মা কালীর রাতুল চরণে’
ব্যক্তিগত বিশ্বাস ও ভক্তির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, “আমার জীবনের আনন্দ-বেদনায়, সুদিনে-দুর্দিনে আমি বিশ্বাস এবং ভক্তির সাথে ধৈর্যের জন্য আশ্রয় নিয়েছি মা কালীর রাতুল চরণে।” প্রতি বছরের মতো এবারও তিনি উপোস থেকে মা ভবতারিণীর জন্য নিজের হাতে ভোগ প্রস্তুত করেছেন বলে জানান।
শুভ দীপাবলির পুণ্যলগ্নে বাংলার আপামর জনতার জন্য তাঁর প্রার্থনা কী ছিল? মুখ্যমন্ত্রী লেখেন, “আমি ভক্তি-সহযোগে অন্তর থেকে সেই মা দিগম্বরীকে আহ্বান জানিয়েছি, যিনি আমাদের সবার বল ও শক্তি প্রদান করেন।” তিনি প্রার্থনা করেন, “মা কালীর করুণাধারায় মুছে যাক সব অন্ধকার, সব হিংসা-বিদ্বেষ। দীপের আলোয় আলোকিত হোক বঙ্গবাসীর জীবন, প্রদীপ-শিখার পরশে জেগে উঠুক ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের বন্ধন।”
সপরিবারে অভিষেক, সব কাজে মুখ্যমন্ত্রীর তদারকি
কালীঘাটে মুখ্যমন্ত্রীর এই ঐতিহ্যবাহী পারিবারিক কালীপুজোয় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে লেক কালীবাড়িতে পুজো দিয়েই তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান। কালো পাঞ্জাবি-পাজামা পরিহিত অভিষেককে পুজোর যজ্ঞ থেকে শুরু করে অন্যান্য কাজে অংশ নিতে দেখা যায়।
জানা গিয়েছে, দিনভর মুখ্যমন্ত্রী নিজে ভোগ ও অন্যান্য প্রসাদের আয়োজন থেকে শুরু করে পুজোর সব কাজের তদারকি করেছেন। রাতে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। পুজোয় উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী, বন্ধু এবং শুভানুধ্যায়ীরা। পরিবারের মতো সেই সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতাও জানান মুখ্যমন্ত্রী।
সবশেষে, রাজ্যবাসীকে কালীপুজো ও শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বাড়ির কালীপুজোর একটি ভিডিয়োও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।





