মাস্কের একের পর এক কটাক্ষের কড়া জবাব! স্যাটেলাইট ইন্টারনেটের বাজার নিয়ে বিষ্ফোরক আম্বানির রিলায়েন্স!

ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের মহাযুদ্ধ এবার চরম রূপ নিল। ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের ভারতে প্রবেশ এবং একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর এবার পাল্টা হুঙ্কার দিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। টেলিকম সেক্টরে রিলায়েন্সের আধিপত্য নিয়ে ইলোন মাস্কের লাগাতার খোঁচা ও তোপ দাগার জবাবে সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, টেক ময়দানে তারা কোনো প্রতিযোগিতাকেই ভয় পায় না। তবে দেশি বা বিদেশি—সকল সংস্থাকেই ভারতের ভূখণ্ডে আইন ও সমতার নিয়ম মেনে ব্যবসা করতে হবে।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে আম্বানি এবং ভারতীয় টেলিকম সংস্থাগুলিকে নিশানা করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মাস্ক। তাঁর অভিযোগ ছিল, ভারতে স্যাটেলাইট পরিষেবা চালু করতে বাধা দিচ্ছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। এমনকী রিলায়েন্সের যুক্তিকে ‘ভণ্ডামি’ বলেও কটাক্ষ করেন তিনি। মাস্কের দাবি, প্রতিযোগিতার বাজারে আম্বানি তাঁর একচ্ছত্র মুনাফা কমে যাওয়ার ভয় পাচ্ছেন। এই সংঘাতের মাঝেই রিলায়েন্স পাল্টা জবাবে জানিয়েছে, নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত। সংস্থাটি আরও মনে করিয়ে দিয়েছে যে, রিলায়েন্সের নিজস্ব স্যাটেলাইট পরিষেবা ‘জিও স্পেস ফাইবার’-কেও প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রের জন্য লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

রিলায়েন্সের মুখপাত্র জানিয়েছে, ২০১৬ সালে যখন জিও টেলিকম বাজারে আসে, তখন তাদের গ্রাহকসংখ্যা ছিল শূন্য। কিন্তু মাত্র এক দশকে পরিষেবা ও নিখুঁত পরিকল্পনার জোরে আজ ৫৩ কোটিরও বেশি মানুষ জিও ব্যবহার করছেন। তাই নতুন প্রতিযোগীকে তারা ভয় পায় না, বরং গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার সুযোগ হিসেবেই দেখে। স্টারলিঙ্ক আসুক বা অন্য কেউ, ভারতের আইন মেনে লড়াইয়ের জন্য প্রস্তুত জিও।