“বাংলাদেশে যেভাবে সরকার ফেলা হয়েছিল, ভারতেও সেই চক্রান্ত!” রাহুলকে নিশানা করে বিস্ফোরক রাজনাথ সিংহ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের টানা আন্দোলনের বিরুদ্ধে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার লখনউয়ের সভা থেকে বিরোধী ‘ইন্ডি’ জোট এবং ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) তীব্র আক্রমণ শানিয়ে তিনি সাফ জানান, গণতান্ত্রিক অধিকার মানেই দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অধিকার নয়। বিরোধীদের এই আন্দোলন নির্বাচনী সংস্কার বা তরুণদের ভবিষ্যতের জন্য নয়, বরং দেশে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখলের এক গভীর চক্রান্ত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে রাজনাথ বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেস ৩৭ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। সমাজবাদী পার্টির সমর্থন ছাড়া রায়বরেলিতে নিজের আসন জেতার ক্ষমতা রাহুল গান্ধীর আছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। একইসঙ্গে বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন করা হয়েছিল, ভারতেও ঠিক একই রকম অপচেষ্টা চলছে বলে বিস্ফোরক দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশের তরুণদের এই বিশৃঙ্খল রাজনৈতিক চক্রান্তে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক নিয়ে রাহুল গান্ধীকে বিঁধে রাজনাথ সিংহ বলেন, কখনও ৭০ বছরের মহিলাকে দ্বৈত ভোটার, আবার কখনও ৩৫ বছরের মহিলাকে ১২৪ বছরের ভোটার বলে অবাস্তব দাবি করেছেন রাহুল। এর মাধ্যমে সাধারণ নাগরিকদের ভুয় ভুয়ো ভোটার বানিয়ে সম্মানহানির চেষ্টা করা হয়েছে। রাজনাথ জোর দিয়ে বলেন যে বিজেপি বা কেন্দ্র সরকার কখনও সাংবিধানিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেনি কিংবা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে অপমান করে জনগণকে বিভ্রান্ত করেনি।