কনট প্লেসে ধুন্ধুমার কাণ্ড! ‘ককরোচ জনতা পার্টি’র তেরঙা মিছিল রুখতে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের

রাজধানী দিল্লিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রস্তাবিত তেরঙা যাত্রাকে ঘিরে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিল দিল্লি পুলিশ ও প্রশাসন। শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপি-র ডাকা ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের ঠিক আগেই নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC)-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক সম্পূর্ণভাবে জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে। একই সঙ্গে দিল্লি পুলিশ স্পষ্ট বার্তা দিয়েছে যে, নিষেধাজ্ঞা বা আইন অমান্য করলে কঠোর আইনি পদক্ষেপ নিতে বিন্দুমাত্র পিছপা হবে না প্রশাসন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়ে সম্প্রতি গ্রেফতার হন সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের প্রতিবাদেই শুক্রবার বিকেল পাঁচটায় কনট প্লেসের ইনার সার্কেলের পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও মিছিলের ডাক দেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। এই পরিস্থিতির মোকাবিলার জন্য প্রশাসন আগে থেকেই নড়েচড়ে বসেছে। ১৫ অক্টোবরের প্রশাসনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিশেষ প্রশাসনিক কারণে কনট প্লেস সেন্ট্রাল পার্ক দুই দিন বন্ধ থাকবে। তবে দিল্লি পুলিশের ডিসি (পিআরও) নেহা যাদব জানিয়েছেন, জাতীয় পতাকা বহন ও জাতীয় সংগীত গাওয়ার উদ্দেশ্যে সীমিত সংখ্যক ব্যক্তিকে একটি নির্দিষ্ট স্থানে জমায়েতের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে কনট প্লেস ও তার আশেপাশের গুরুত্বপূর্ণ চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে একাধিক ব্যারিকেড। দিল্লি ট্রাফিক পুলিশের তরফে আগাম সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে, এই জমায়েতের জেরে কনট প্লেস এবং সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। তাই যাত্রীদের নির্ধারিত রুট বদলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের শীর্ষ আধিকারিকদের স্পষ্ট কথা, কনট প্লেস কোনও বিক্ষোভ প্রদর্শনের নির্ধারিত জায়গা নয়। বিক্ষোভকারীরা অনুমতি সাপেক্ষে রামলীলা ময়দান বা বুরাড়ি গ্রাউন্ড ব্যবহার করতে পারেন। তবে বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ।