মাসের খরচ একলাফে বাড়ল ১৫ থেকে ২০ শতাংশ! পাতে টান পড়ছে সাধারণ মানুষের?

প্রতিমাসেই বাড়ছে মুদিরখানার বিল। রান্নার তেল, শাকসবজি, ডাল থেকে শুরু করে দুধ—নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই বেশিরভাগ পরিবারের বাজেট লাফিয়ে বাড়ছে। রোজগারের বেশির ভাগ টাকাই চলে যাচ্ছে ন্যূনতম খাবার জোগাড় করতেই। ফলে কেনাকাটা, বিনোদন তো দূরের কথা, টাকা জমানোর মতো পরিস্থিতি আর কারোরই নেই। বহু পরিবার বাধ্য হয়ে খরচ কমাতে জিনিস কেনা ছাঁটাই করছে, কেউ আবার ভাবছেন বিকল্প রোজগারের কথা। দেশের আমজনতার এই আর্থিক দুর্দশার মাঝেই এবার পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি লাফিয়ে বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
খুচরো বাজারে পৌঁছনোর আগেই চড়ছে দাম
অক্টোবরে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি বা দাম বৃদ্ধির হার ১২.৩ শতাংশে পৌঁছেছে। এই নিয়ে টানা দু’মাস তা ডাবল ডিজিটে বৃদ্ধি পেল। এর সোজা অর্থ হলো, খুচরো বাজারে কোনো পণ্য পৌঁছানোর আগেই তার দাম বহুগুণ বেড়ে যাচ্ছে। আর খুচরো বাজারের মুদ্রাস্ফীতির ছবিটা তো আরও ভীতিজনক।
পরিস্থিতি কতটা গুরুতর, তার জ্বলন্ত প্রমাণ মিলেছে ‘লোকালসার্কেলস’ (LocalCircles)-এর একটি দেশব্যাপী সমীক্ষায়। ১৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৩২৬টি জেলার ৭৪ হাজার ৩১১ জনের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছে।
তার রিপোর্ট অনুযায়ী, ৯৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে এক বছর আগের তুলনায় নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে তাঁদের অনেক বেশি টাকা খরচ হচ্ছে। প্রায় ৯২ শতাংশের মাসিক খরচ অন্তত ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ৭৯ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের সংসার চালানোর খরচ বেড়ে গেছে ১৫ শতাংশ বা তারও বেশি। এর মধ্যেই অক্টোবরে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের সর্বোচ্চ সীমা টপকে ৬.০৯ শতাংশে পৌঁছেছে। ফলে আগামী দিনে সাধারণ মানুষের হেঁশেলে চাপ আরও যে বাড়বেই, তা বলাই বাহুল্য।
কোন কোন জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে?
এই মূল্যবৃদ্ধির প্রভাব কোনো নির্দিষ্ট পণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রায় সবজি থেকে শুরু করে চাল-ডাল—সবকিছুরই নাগাল ছাড়িয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া ৭৫ শতাংশ মানুষ জানিয়েছেন, ঘি, মাখন ও ভোজ্যতেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ৭৩ শতাংশের মতে, অগ্নিমূল্য তাজা শাকসবজি।
চাল ও গমের দাম বৃদ্ধির কথা জানিয়েছেন ৭১ শতাংশ উত্তরদাতা। এ ছাড়া দুধ, দই, পনিরের মতো দুগ্ধজাত পণ্য এবং তাজা ফলের দাম বাড়ার কথা বলেছেন ৬৫ শতাংশ মানুষ। ডালের দাম বেড়েছে বলে দাবি করেছেন ৬২ শতাংশ। অর্থাৎ রান্নার তেল থেকে শুরু করে শাকসবজি ও ফলমূল—প্রতিটি ক্ষেত্রেই দামের ছ্যাঁকায় সাধারণ মানুষের অবস্থা শোচনীয়।
খাবারের থালায় কাটছাঁট, সঞ্চয়ে হাত
মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বহু পরিবার এখন দৈনন্দিন খরচ কমানোর পাশাপাশি খাওয়ার পরিমাণ ও গুণমানেও কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। লোকালসার্কেলসের অন্য একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৭৪ শতাংশ মানুষ খরচ সামলাতে বাইরে খাওয়া, শপিং ও বিনোদনের মতো শখের খরচ কমিয়ে দিয়েছেন। প্রায় ৫০ শতাংশ পরিবার নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা কমিয়ে দিয়েছে।
পরিস্থিতি এতটাই বেগতিক যে, ৩৯ শতাংশ পরিবার সংসার চালাতে নিজেদের জমানো সঞ্চয় ভাঙতে বা ঋণ করতে বাধ্য হচ্ছে। ৩৭ শতাংশ মানুষ আবার বাধ্য হয়ে তুলনামূলক সস্তা বা কম দামি ব্র্যান্ডের পণ্যের দিকে ঝুঁকছেন। মাত্র ৮ শতাংশ মানুষ জানিয়েছেন যে মূল্যবৃদ্ধির কারণে তাঁদের কেনাকাটার অভ্যাসে কোনো পরিবর্তন হয়নি।
পাইকারি বাজারে রেকর্ড মূল্যবৃদ্ধি
খুচরো বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও মুদ্রাস্ফীতির চাপ মারাত্মক আকার নিয়েছে। অক্টোবরের পরিসংখ্যান বলছে, জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রের পাইকারি মূল্যবৃদ্ধির হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বরে ছিল ২৬ শতাংশের কাছাকাছি। এছাড়া অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে এই হার ৫৭.৩ শতাংশ থেকে লাফিয়ে ৭০.৮ শতাংশে গিয়ে ঠেকেছে। অর্থনীতিবিদদের মতে, পাইকারি বাজারে এই আগুন দাম দীর্ঘস্থায়ী হলে তার চূড়ান্ত ধাক্কা সামলাতে হবে সাধারণ ক্রেতাদেরই।