“BJP-তে তোলাবাজি-দুর্নীতি”-বিস্ফোরক পোস্ট মমতার সেই ভাইরাল কলখ্যাত প্রলয়ের

একাধারে চাঞ্চল্যকর অডিও ক্লিপের ভাইরাল মুখ, অন্যদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ে অন্যতম নেপথ্য কারিগর— সেই প্রলয় পাল এবার সরাসরি নিজের দল বিজেপির অন্দরেই দুর্নীতি ও তোলাবাজি নিয়ে তীব্র অভিমান ও ক্ষোভ উগরে দিলেন। তাঁর সাফ দাবি, দলে ‘বেনোজল’ ঢুকছে এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম ভাঙিয়ে যাঁরা আস্ফালন করছেন, তাঁদের রুখতে দলে দ্রুত ‘এসআইআর’ (SIR) করা প্রয়োজন।

ফেসবুকে একটি বিস্ফোরক পোস্টে প্রলয় লিখেছেন, “চোরেরা কনভার্ট হচ্ছে—জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত এসআইআর প্রয়োজন দলেই।” ২০২১ সালের ভোটগ্রহণের দিন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ফোনালাপ প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেই প্রলয়ের এহেন বেসুরো মন্তব্য বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

সংগঠনের কোথায় খামতি রয়েছে?

সংবাদমাধ্যমের সঙ্গে ফোনালাপে ক্ষোভ উগরে দিয়ে প্রলয় বলেন, দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠলেও এবং সময়মতো উপযুক্ত পদক্ষেপ না করলে অপরাধীদের প্রবণতা আরও বেড়ে যায়। তাঁর কথায়, “আমাদের রাজ্য সভাপতি প্রথম দিন থেকে বলে আসছেন দলে বেনোজল ঢুকছে, আমরা আটকাব। কিন্তু কখনও কখনও দেখা যায়, থানার ওসি নিজেকে মণ্ডল সভাপতি ভাবছেন, মণ্ডল সভাপতি নিজেকে পুলিশমন্ত্রী ভাবছেন, আবার কখনও নেতারা বলছেন তোলাবাজি আটকাতে পারছি না। এই সব হচ্ছে কারণ দলে বেনোজল ঢুকছে। এর মানে সংগঠনের কোথাও বড় খামতি রয়েছে, কোনো না কোনো সোর্স দিয়ে ঠিক ঢুকে যাচ্ছে।”

বড় মাপের নেতাদের মাইক হাতে নিয়ে ‘তোলা নেওয়া যাবে না’ বলে বারবার সতর্ক করার প্রসঙ্গ টেনে প্রলয় দাবি করেন, নিশ্চয়ই দুর্নীতির শিকড় গভীরে রয়েছে বলেই নেতাদের রাস্তায় নেমে এ কথা বলতে হচ্ছে। সময় থাকতেই দলের আরও কঠোর পদক্ষেপ করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

আদি বনাম নবীন বিতর্ক ও প্রলয়ের রাজনৈতিক অতীত

দলের এই অবস্থার জন্য আদি বিজেপি কর্মীদের এক ফোঁটাও দায়ী করতে নারাজ প্রলয়। তাঁর স্পষ্ট বক্তব্য, “যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির আদর্শকে ভালোবেসে ঝান্ডা ধরেছেন, তাঁরা কখনই এই সব দুর্নীতিতে জড়াতে পারেন না। যাঁরা রাজনৈতিক প্রশিক্ষণ ছাড়াই অন্য দল থেকে দলে ঢুকে গিয়েছেন, তাঁরাই এসব করছেন।”

উল্লেখ্য, ২০১৩ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রলয় পাল। অতীতে ২০২৩ সালেও দলের ওপর ক্ষোভ উগরে দিয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। তবে ২০২৬ সালে এসে দলবদলু ও নবাগতদের বিরুদ্ধে তাঁর এই প্রকাশ্য তোপ এবং ‘বিজেপিতে এসআইআর’ চালুর দাবি যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।