‘মানুষ নয়, পথকুকুরই আসল ভরসা!’ রাতের অন্ধকারে শ্লীলতাহানির হাত থেকে ভারসাম্যহীন মহিলাকে বাঁচাল সারমেয়, শিউরে ওঠা ভিডিও!

বিপদে মানুষের চেয়ে অনেক সময় পশুরাই যে বেশি বিশ্বস্ত ও মানবিক হয়ে ওঠে, তার ফের এক জ্বলন্ত প্রমাণ মিলল। সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটরের একটি সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ঝড় তুলেছে। যেখানে দেখা গিয়েছে, এক পথকুকুরের সাহসিকতার জেরে রক্ষা পেয়েছে এক মানসিক ভারসাম্যহীন মহিলার সম্ভ্রম। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা।
ঠিক কী ঘটেছিল সিসিটিভি ফুটেজে?
ঘটনাটি গত ৩ সেপ্টেম্বর মধ্যরাত ২টা নাগাদ কোয়েম্বাটরের অশোকপুরমের রেলওয়ে ব্রিজের কাছে ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি হঠাৎই এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে জাপটে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করেন। সেই নিঝুম রাতে আশেপাশে কাউকেই দেখা যায়নি যে ওই মহিলাকে রক্ষা করবে। ঠিক সেই মুহূর্তেই দেবদূতের মতো আবির্ভূত হয় একটি পথকুকুর।
আক্রমণকারী ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে ওই সারমেয়। তাঁর পায়ে কামড় ও আঁচড় দেওয়ার পাশাপাশি জোরে চিৎকার করতে থাকে কুকুরটি। শেষ পর্যন্ত ওই লম্পটকে তাড়া করে সেখান থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যায় এবং মহিলার জীবন ও সম্মান বাঁচায়।
নেটপাড়ায় সমালোচনার ঝড়
প্রাথমিক ভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে মনে করেছিলেন। কিন্তু পরে ঘটনার সত্যতা সামনে আসতেই স্তম্ভিত হয়ে যান সকলে। ভিডিওটি দেখে নেটিজেনরা অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, রাস্তা থেকে যত্রতত্র পথকুকুর সরিয়ে নিয়ে যাওয়ার সরকারি নীতির তীব্র সমালোচনা করে অনেকেই লিখেছেন, ‘আজ প্রমাণিত হল, মানুষের চেয়ে পথকুকুরের মধ্যেই সত্যিকারের মানবিকতা ও বিশ্বস্ততা বেশি রয়েছে।’