স্যুটকেসে পুরে ৮ মাসের মেয়েকে তালাবন্ধ করে পালাল মা! কান্নার আওয়াজে যা দেখলেন প্রতিবেশীরা, শিউরে উঠবেন

জন্মদাত্রী মা-ই যখন সন্তানের জীবনের কাল হয়ে দাঁড়ান, তখন সমাজকে বাকরুদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কর্নাটকের কোডাগু জেলা থেকে এমনই এক হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনা সামনে এসেছে, যা শুনে যে কারোর রক্ত হিম হয়ে যাবে। এক মহিলা তাঁর মাত্র আট মাস বয়সি কচি কোলের শিশুকে একটি স্যুটকেসের ভেতর বন্দী করে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সৌভাগ্যবশত, স্থানীয়দের সময়মতো তৎপরতায় শিশুটির প্রাণ রক্ষা পেলেও এই নির্মম ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কোথায় এবং কীভাবে ফাঁস হলো এই ঘটনা? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোডাগু জেলার সোমওয়ারপেট তালুকের জাম্বুর গ্রামের ফিল্ড মার্শাল কারিয়াপ্পা বারংগাই এলাকায়। ২০১৮-১৯ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য তৈরি ওই আবাসনের ২৫৫ নম্বর ঘরে ওই মহিলা তাঁর আট মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে বসবাস করতেন। শিশুটির বাবা কাজের সূত্রে চেন্নাইয়ে থাকেন।
গত ১১ নভেম্বর রাত প্রায় দশটা নাগাদ আচমকা ওই বাড়িটির ভেতর থেকে একটি শিশুর দীর্ঘ কান্নার আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা বাড়িটির সামনে গিয়ে দেখেন বাইরে থেকে দরজায় তালা ঝুলছে। এরপর ওই মহিলার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। উপায় না পেয়ে স্থানীয়রা শিশুটির দাদিকে খবর দেন।
দাদির উপস্থিতিতে উদ্ধার অবরুদ্ধ শিশু খবর পেয়ে মাদিকেরি থেকে শিশুটির দাদি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রতিবেশীদের সহায়তায় তালা খুলে ভেতরে প্রবেশ করতেই সকলের চোখ কপালে ওঠে। ঘরের ভেতর একটি বন্ধ স্যুটকেসের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে বুঝতে পেরে তাঁরা তৎক্ষণাৎ স্যুটকেসটি খোলেন এবং ভেতর থেকে গুরুতর অসুস্থ ও শ্বাসরুদ্ধ অবস্থায় ওই আট মাসের শিশুকে উদ্ধার করেন।
সঙ্গে সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য মাদিকেরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। কী কারণে এক মা নিজের কন্যাসন্তানকে এমন অমানবিক শাস্তির মুখে ঠেলে দিয়ে পালিয়ে গেলেন এবং তাঁর আসল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ একটি মামলা রুজু করে জোরদার তদন্ত শুরু করেছে।