মাঠের বাইরেও ইতিহাস, কে এই মহিলা কোচ, যিনি পুরুষদের ফুটবল টিমের দায়িত্ব নিয়ে বিশ্বকে চমকে দিলেন

ফুটবল কোচিংয়ে এক নতুন দিগন্ত খুলেছেন সাবরিনা উইৎম্যান। জার্মানির পুরুষ ফুটবল ক্লাব এফসি ইনগোলস্টাডের কোচের দায়িত্ব নিয়ে তিনি শুধু ইতিহাসই গড়েননি, বিশ্ব ফুটবলকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন – যোগ্যতা লিঙ্গের ঊর্ধ্বে। তাঁর দূরদর্শিতা, কৌশল এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা তাঁকে এই শীর্ষ পদে এনেছে।

ইন্ডিয়ান ফুটবল সেন্টারের প্রেসিডেন্ট কৌশিক মৌলিকের চোখে সাবরিনা এক অসাধারণ ব্যক্তিত্ব। মৌলিকের মতে, সাবরিনার মধ্যে রয়েছে অসীম সাহস, আত্মবিশ্বাস এবং নিজের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা। তিনি বলেন, “সাবরিনার নেতৃত্ব এতটাই শক্তিশালী যে তা সবাইকে ছাপিয়ে যায়। তিনি শুধু সম্মান আদায় করে নেন না, অন্যদেরও প্রেরণা জোগাতে পারেন।”

মৌলিক আরও জানান, সাবরিনার ব্যক্তিত্বে একই সঙ্গে নমনীয়তা ও দৃঢ়তা বিদ্যমান। তিনি নিজের সম্পর্কে খুব কম কথা বলেন, কিন্তু দল, খেলোয়াড় এবং প্রস্তুতির বিষয়গুলো নিয়ে তাঁর ভাবনা স্পষ্ট। তাঁর এই পেশাদার মনোভাব মুগ্ধ করার মতোই। এফসি ইনগোলস্টাডের ম্যানেজিং ডিরেক্টর দিয়েমেতর বিয়ের্সদর্ফারও সাবরিনার প্রশংসা করে বলেন, “নতুন প্রতিভা খুঁজে বের করা, দলের উন্নতি ঘটানো এবং দলকে সাফল্যের পথে চালিত করার সব গুণই তাঁর মধ্যে আছে।”

সাবরিনার এই সাফল্য শুধু জার্মানি নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণা। যাঁরা ফুটবলে রোল মডেল খুঁজছেন, তাঁদের জন্য সাবরিনা এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর উত্থানের কাহিনি অগণিত প্রতিভাবান মানুষকে সামনে এগিয়ে আসার সাহস জোগাবে। সাবরিনা প্রমাণ করেছেন, সঠিক যোগ্যতা থাকলে কোনো বাঁধাই সাফল্যের পথে বাধা হতে পারে না।