মাঘের শেষেই আগাম বসন্তের ছোঁয়া? আলিপুর আবহাওয়া দফতরের বড় আপডেট!

পৌষের সেই হাড়কাঁপানো ঠান্ডার দাপট এখন অতীত। ক্যালেন্ডারে মাঘ মাস থাকলেও বাংলার বাতাসে এখন বসন্তের আগমনী বার্তা। গ্রামবাংলার ভোরে সামান্য শিরশিরানি থাকলেও তিলোত্তমার বুক থেকে শীত কার্যত পাততাড়ি গুটিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রোদের তেজ আরও বাড়বে, যার ফলে শীতের আমেজ ফিকে হয়ে গ্রীষ্মের ছোঁয়া অনুভূত হবে।
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে রাজ্যে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা উত্তুরে হাওয়ার প্রভাব কমে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে। আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্য়েই ২৯ ডিগ্রির আশেপাশে পৌঁছেছে, যা শীঘ্রই ৩০ ডিগ্রির ঘর স্পর্শ করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে, যা আগামী সপ্তাহে ১৯ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে এখনও হালকা ঠান্ডার আমেজ বজায় থাকলেও সমতলে পারদ চড়ছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও মালদহ বা কোচবিহারের মতো সমতল এলাকায় কুয়াশার দাপট কমছে। দক্ষিণবঙ্গের সিউড়িতে তাপমাত্রা ১২.২ ডিগ্রিতে নামলেও কলকাতার আকাশে এখন শুধুই গনগনে রোদ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং শুষ্ক আবহাওয়ায় বসন্তের হাত ধরে গরমের দাপট শুরু হতে চলেছে বাংলাজুড়ে।