‘আমি মোদীর ক্যারিয়ার শেষ করতে চাই না’, ট্রাম্পের বিস্ফোরক ভিডিও নিয়ে মুখ খুলল বিদেশমন্ত্রক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমীকরণ নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে, “আমি মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।” এই ভিডিওকে হাতিয়ার করেই মোদী সরকারকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা।
অবশেষে এই হাই-ভোল্টেজ ভিডিও প্রসঙ্গে মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, তিনি এমন কোনও ভিডিও দেখেননি। তবে তিনি যোগ করেন, “যদি সত্যিই এমন কোনো ভিডিও থাকে, তা সত্য হোক বা মিথ্যা, আমরা পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নেব।”
ভাইরাল ভিডিওতে ট্রাম্পকে আরও বলতে শোনা যায়, “মোদী একজন মহান ব্যক্তি। উনি ট্রাম্পকে ভালোবাসেন।” তবে ‘ভালোবাসা’ শব্দটি নিয়ে যাতে কোনো ভুল ব্যাখ্যা না হয়, সে বিষয়েও সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি চাই না আপনারা এর অন্য মানে বের করুন। আমি ওঁর ক্যারিয়ার শেষ করতে চাই না, তবে আমি বহু বছর ধরে ভারতকে দেখছি।” মনে করা হচ্ছে, ভিডিওটি গত বছরের কোনো এক সময়ের। বর্তমান সময়ে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আবহে এই পুরনো ভিডিও নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল।