মহিলাদের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা ও বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ! হিমাচল সরকারের মেগা ঘোষণায় বড় স্বস্তি

জনকল্যাণমুখী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক বড় পদক্ষেপ করল হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু সরকার। শুক্রবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বিশেষ করে নারী সমাজ, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার এবং বেকার যুবসমাজকে লক্ষ্য করে সরকারের এই মেগা ঘোষণা রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

মহিলাদের জন্য ‘ইন্দিরা গান্ধী সুখ সম্মান নিধি’ কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে রাজ্য সরকার বহু প্রতীক্ষিত ‘ইন্দিরা গান্ধী সুখ সম্মান নিধি’ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর ফলে রাজ্যের ১৮ থেকে ৫৯ বছর বয়সি যোগ্য মহিলারা এখন থেকে প্রতি মাসে নিয়মিত ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দরিদ্র পরিবারগুলির জন্য বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ রাজ্যের প্রায় ১ লক্ষ চরম দরিদ্র ও অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারকে বিরাট স্বস্তি দিয়ে প্রতি মাসে সর্বোচ্চ ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে সাধারণ গার্হস্থ্য গ্রাহকদের জন্য প্রচলিত ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবাও আগের মতো বহাল থাকবে।

যুবকদের জন্য কর্মসংস্থান ও নতুন শূন্যপদ শুধু সাধারণ মানুষই নয়, বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টিও অগ্রাধিকার পেয়েছে এই বৈঠকে। সরকারি দপ্তরগুলিতে শূন্য পদ পূরণ এবং নতুন কাজের সুযোগ সৃষ্টির পথ প্রশস্ত করেছে রাজ্য সরকার। বিশেষ করে কোষাগার, হিসাব এবং লটারি বিভাগে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA-IT) এবং মাল্টি-টাস্ক ওয়ার্কার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ধর্মশালার তপোভনে আসন্ন শীতকালীন অধিবেশনকে সামনে রেখে সরকারের এই জনমুখী সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলেও বেশ শোরগোল ফেলে দিয়েছে।

Pratik Saha
  • Pratik Saha