মহালয়ার সকালেই বিরাট উপহার! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পরীক্ষামূলক মেট্রো চলাচল শুরু আজ

মহালয়ার পবিত্র সকালেই শহরবাসীর জন্য এল এক দারুণ সুখবর। আজ, ১০ অক্টোবর মহালয়ার দিন থেকেই কলকাতা মেট্রোর বহু প্রতীক্ষিত ‘অরেঞ্জ লাইন’ অর্থাৎ নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ (আইটি সেন্টার) পর্যন্ত অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো চলাচল শুরু হতে চলেছে। রেল সূত্রে খবর, আগামী বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের মধ্যেই এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সম্প্রতি চিংড়িঘাটা ক্রসিং ও সুকান্তনগরের মধ্যবর্তী এলিভেটেড করিডরের ৩৬৬ মিটারের ফাঁকা অংশটি আরভিএনএল গার্ডার বসিয়ে, ভায়াডাক্ট তৈরি করে রেললাইন পাতার মাধ্যমে সফলভাবে সংযুক্ত করেছে। গত ১৭ সেপ্টেম্বর রেলকর্তারা পুশ ট্রলির মাধ্যমে এই রুটটি পরিদর্শন করেন। মহালয়া থেকে শুরু হওয়া এই ট্রায়াল রান পরবর্তী এক মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে, কারণ এই ট্রায়াল চলাকালীন সফটওয়্যার অ্যালাইনমেন্ট সিঙ্ক করা এবং অন্যান্য প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
অন্যদিকে, প্রতিবারের মতো এ বছরও দুর্গাপুজোর দিনগুলিতে সারা রাত মেট্রো পরিষেবা পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন যাত্রীরা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের প্রকাশিত বিশেষ সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত এই স্পেশাল ট্রেনগুলি চলাচল করবে। ভিড় নিয়ন্ত্রণে ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো এবং অরেঞ্জ লাইনে বিশেষ বন্দোবস্ত রাখা হয়েছে। ব্লু লাইনে পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৮৪টি ট্রেন চলবে এবং ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এছাড়া সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর ১টা থেকে শুরু করে পরের দিন ভোর ৪টা পর্যন্ত পরিষেবা মিলবে। একইভাবে গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে পরের দিন ভোর ৩টা ৫৯ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করবে। দশমীর দিনেও বিশেষ সময়ে ট্রেন চালানো হবে, যেখানে ব্লু লাইনে দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪০টি ট্রেন এবং গ্রিন লাইনে ৭৪টি ট্রেন চলাচল করবে। পুজোয় শহরবাসীর যাতায়াত আরও মসৃণ করতেই এই বিশেষ উদ্যোগ।