মর্মান্তিক, পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মৃত্যু দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর!

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই ছাত্র। বুধবার মালদহের রতুয়া থানার সামসী মতিগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান। তারা দুজনেই পুখুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকার বাসিন্দা এবং সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। বুধবার তাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল, যার কেন্দ্র ছিল রতুয়া হাইস্কুল।

দুই বন্ধু বাইকে করে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সামসী মতিগঞ্জ পার করে তারা দুর্ঘটনার শিকার হয়। রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ জড়ো হয়। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সামসী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং রতুয়া-সামসী রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে এবং তা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর মোট ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য বিশৃঙ্খলা এড়াতে শিক্ষা সংসদ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তা সত্ত্বেও, এমন মর্মান্তিক দুর্ঘটনার ফলে দুই ছাত্রের জীবন অকালে শেষ হয়ে গেল।