মমতার সভার আগে নাটকীয় মোড়! কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা, সোজা ডিভিশন বেঞ্চে রাজ্য ও মন্দির কর্তৃপক্ষ

শুক্রবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বনির্ধারিত সভা ও মিছিলকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে তীব্র নাটকীয়তা তৈরি হলো। একক বেঞ্চের শর্তসাপেক্ষ অনুমতির পরেও এই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা কাটেনি, বরং মামলা গড়িয়েছে সরাসরি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যন্ত।
আগামীকাল, শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচ হাজার মানুষের জমায়েতে শ্রীরামপুরে একটি মিছিল করতে চেয়েছিল কালীঘাট তৃণমূল। ওই মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। তবে এই কর্মসূচি ঘিরে তৈরি হওয়া জটিলতার জেরে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছে রাজ্য সরকার এবং মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
আদালত সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সওয়াল করে জানান যে, যে মাঠে সভা বা মিছিলের অনুমতি দেওয়া হয়েছে তা একান্তভাবেই ব্যক্তিগত মালিকানাধীন। মাঠের বর্তমান কতৃপক্ষ যদি অনুমতি না দেয়, তবে পুলিশ একক বেঞ্চের নির্দেশ কীভাবে কার্যকর করবে—এই প্রশ্ন তুলেই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হয়। একই সঙ্গে এই মামলায় সরব হয়েছে মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষও। মন্দিরের আইনজীবীর তরফেও অনুরূপ আপিল করা হয়েছে।
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই জরুরি আপিল মামলাটি গ্রহণ করেছে এবং অবিলম্বে শুনানির অনুমতি দিয়েছে। উৎসবের মরশুমের ঠিক আগে হাইপ্রোফাইল এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে আদালতের অন্দরে ও বাইরে শুরু হয়েছে তীব্র জল্পনা। এখন ডিভিশন বেঞ্চের রায়ের পরেই স্পষ্ট হবে শুক্রবার শ্রীরামপুরে আদতে সভা হচ্ছে কি না।