মন্ত্রিত্ব ছাড়ছেন গডকড়ী? নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার মাঝেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রবীণ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী। নাগপুরের একটি জনসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান যে, আগের মতো আর আগের গতিতে কাজ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না এবং এখন সময় এসেছে নতুন প্রজন্মের হাতে মূল দায়িত্বগুলি তুলে দেওয়ার। তাঁর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। নাগপুরের ওই অনুষ্ঠানে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে গডকড়ী বলেন, তিনি প্রায় তিন দশক ধরে জনসেবামূলক কাজ করে চলেছেন। এই দীর্ঘ পথচলায় বহু ওঠাপড়ার মুখোমুখি হয়েছেন এবং প্রচুর সম্মান ও পুরস্কারও অর্জন করেছেন। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও সক্ষমতা কমে এসেছে বলে স্বীকার করে তিনি বলেন, নতুন প্রজন্মকে সামনে এনে তাদের কাজের সুযোগ করে দেওয়া উচিত। তাঁর মতে, তরুণ প্রজন্ম দায়িত্বভার কাঁধে তুলে নিক এবং প্রবীণরা তাঁদের সঠিক পথনির্দেশ করুক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গডকড়ীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এই মুহূর্তেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল ঘটেছে। সম্প্রতি দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তাঁর নতুন টিম ঘোষণা করেছেন, যেখানে ৬৫ জন সদস্যের মধ্যে ৫১ জনই একেবারে নতুন মুখ। দলে তরুণ ও নতুন মুখের এই ঢল নামার পরেই নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভাতেও বড়সড় পরিবর্তনের জল্পনা জোরালো হয়েছে। ২০১৪ সাল থেকে কেন্দ্রের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা গডকড়ীর এই অবস্থান সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।