ভোট বাক্সে বড় চমক আনতে চলেছে বিজেপি? উত্তরপ্রদেশ নির্বাচনের আগে এই বিরাট পদক্ষেপ ঘিরে শোরগোল!

উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি এখন তুঙ্গে। তবে এবার লড়াই শুধু জনসভা বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং নির্বাচনী যুদ্ধের নতুন ময়দান তৈরি হয়েছে ‘ভোটার তালিকা’ বা ভোটার লিস্ট নিয়ে। বিশেষ সংশোধন প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে বড় সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার দাবি ওঠার পর নড়েচড়ে বসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০২৭ সালের লড়াইয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ শাসক দল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কঠোর নির্দেশ এবং রণকৌশলের পর এবার বুথ স্তর পর্যন্ত ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।
সূত্রের খবর, উত্তরপ্রদেশে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সময় প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি সামনে আসার পর বিজেপি নেতৃত্ব নড়েচড়ে বসেছে। এই পরিস্থিতিতে দলের নেতাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আগামী এক মাস অন্য সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে সম্পূর্ণ জোর দেওয়া হবে ভোটার তালিকা সংশোধন ও নাম তোলার কাজের ওপর। জেলা সভাপতি থেকে শুরু করে বুথ স্তরের কার্যকর্তাদের এই বিশেষ অভিযানে সক্রিয় করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল নাম তোলার কোনো সাধারণ প্রক্রিয়া নয়, বরং উত্তরপ্রদেশের রাজনীতিতে ভোটের অঙ্ককে নতুন করে সাজানোর বড় পরিকল্পনা। বিধানসভা নির্বাচনে অনেক সময়ই জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ১,৫০০ থেকে ৩,০০০ ভোটের হয়। ২০২২ সালের নির্বাচনেও বিজেপি এমন বেশ কিছু আসনে জিতেছিল খুব কম ব্যবধানে। ফলে কোনো বিধানসভা ক্ষেত্রে যদি ৫ থেকে ১০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে, তবে পুরো নির্বাচনী সমীকরণ বদলে যেতে পারে। এই কারণে প্রতিটি বিধানসভা আসনে অন্তত ১০ হাজার থেকে ২৫ হাজার যোগ্য ভোটারের নাম নতুন করে তালিকাভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অভিযানকে ‘শেষ সুযোগ’ হিসেবে উল্লেখ করে দলের নেতাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি লখনউয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বাদ পড়ে যাওয়া ভোটারদের নাম ফিরিয়ে আনা এখন সংগঠনের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে যেসব আসনে হিন্দু ভোটারদের নাম বেশি পরিমাণে বাদ পড়েছে এবং যেখানকার জয় নিশ্চিত করা সম্ভব, সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি, শহরাঞ্চলের ভোটার যারা গ্রামের দিকে ঠিকানা পরিবর্তন করেছেন, তাঁদের নামও ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে কৌশল নিয়েছে, তাতে স্পষ্ট যে বড় রাজনৈতিক স্লোগানের পাশাপাশি বুথ স্তরের প্রতিটা ভোটের হিসাব কষেই এগোচ্ছে দল। ১৭ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই ১৯ বা ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ব্যাপক প্রস্তুতি উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে বাধ্য।