ভোটের মুখে বিহারে মারাত্মক ঘটনা! লালুপ্রসাদের দলের নেতাকে গুলি করে খুন, ছড়াল চাঞ্চল্য

বিহার বিধানসভা নির্বাচনের ঠিক এক মাস আগে চরম উত্তেজনা ছড়াল লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র এক নেতাকে নৃশংসভাবে গুলি করে খুনের ঘটনায়। বুধবার রাতে পাটনার চিত্রগুপ্ত এলাকার মুন্নাচকে আরজেডি নেতা রাজকুমার রাই ওরফে আল্লাহ রাইকে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ। জানা গেছে, রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তার ভোটে দাঁড়ানোর কথা ছিল, যা এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মনে করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের মূল কারণ হলো জমি সংক্রান্ত বিবাদ। পুলিশ সূত্রে খবর, রাজকুমার রাই জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, গুলি চালানোর পরেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফরেনসিক দলও প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। বর্তমানে অপরাধীদের ধরতে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে।
এদিকে, ভোটের আগে বিহারে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করছে কেন্দ্র। দু’দিন আগেই ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেলপথে ‘ডাবল লাইন’ তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩,১৬৯ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পটি বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মোট ১৭৭ কিলোমিটার রেলপথকে যুক্ত করবে। এর মধ্যে ৪৭ কিলোমিটার পথ রয়েছে পশ্চিমবঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পের ফলে তিনটি রাজ্যের প্রায় ২৮ লক্ষ মানুষ উপকৃত হবেন।
এছাড়াও, বুধবারের বৈঠকে বক্সার-ভাগলপুর সড়ক পথে ‘হাই স্পিড করিডর’-এর জন্য ৪,৪৪৭ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। চার লেনের এই সড়কটি মোকামা থেকে মুঙ্গের পর্যন্ত ৮২ কিলোমিটার বিস্তৃত হবে। ভোটের আগে এই ধরনের বড় প্রকল্পের ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।