ভোটার তালিকা থেকে গায়েব ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম! যোগীর বোমা ফাটাতে ব্যাকফুটে অখিলেশ?

ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি (এসআইআর) কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার ফলে রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই সংশোধনের পর রাজ্যে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় ১.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিরোধীদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সরাসরি সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ জানান, তিনি যেন সাহস দেখিয়ে এই বিতর্কিত কর্মসূচি সম্পূর্ণ বাতিলের দাবি তোলেন।

যোগীর পেশ করা তথ্য অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের নথিতে নাম থাকা সত্ত্বেও প্রায় ৬৬ লক্ষ ভোটারের নাম মূল ভোটার তালিকা থেকে উধাও। এছাড়া সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী ৫৫ লক্ষ হিন্দু নাগরিক এবং ১৮ থেকে ১৯ বছর বয়সী ৪.৫ লক্ষ নবীন ভোটারের নামও ছেঁটে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে বিজেপি এই সমস্ত যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছে। যোগী প্রশ্ন তোলেন, কীভাবে নির্বাচন কমিশনের তালিকা থেকে এত বিপুল সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ পড়ে গেল?

এই বিতর্কের পাল্টা জবাব দিতে ছাড়েনি সমাজবাদী পার্টি। এসপি প্রধান অখিলেশ যাদব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে জানান, ভোটার পরিচয়পত্র হিসেবে আধার যুক্ত ধাতব কার্ড ব্যবহার করা উচিত। পাশাপাশি ভুয়ো ভোট রুখতে আঙুলের ছাপ ও চোখের মণির বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি। অন্যদিকে, সমাজবাদী পার্টির মুখপাত্র উদয়বীর সিং যোগীর দেওয়া পরিসংখ্যানের মূল উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, যোগী আদিত্যনাথ যদি সত্যিই মনে করেন যে এসআইআর প্রক্রিয়ায় কারচুপি ও স্বচ্ছতার অভাব রয়েছে, তবে তাঁর উচিত মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবকে সমর্থন জানানো।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ অক্টোবর উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়া শুরু হয় এবং ২০২৬ সালের ১০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় রাজ্যের মোট ভোটার সংখ্যা ১৫.৪৪ কোটি থেকে কমে ১৩.৩৯ কোটিতে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানিয়েছেন, খসড়া তালিকার তথ্যের গরমিল খতিয়ে দেখতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এখনও ধর্মভিত্তিক কোনো ভোটারের সংখ্যাগত পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও, এই ইস্যু ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty