একটু ভুল করলেই গায়েব পুরো টাকা! বন্দে ভারত স্লিপারের কড়া নিয়ম আর ক্যানসেলেশন চার্জ জেনে নিন এখনই

হঠাৎ কোনো জরুরি প্রয়োজনে তৎকালে টিকিট কেটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে (Vande Bharat Sleeper Express) চেপে সফর করার দিন এবার পাকাপাকিভাবে শেষ হতে চলেছে। ভারতীয় রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই প্রিমিয়াম শ্রেণীর ট্রেনগুলিতে টিকিটের জন্য কোনো রকম তৎকাল কোটার ব্যবস্থা রাখা হচ্ছে না। ফলে দূরপাল্লার যাত্রায় শেষ মুহূর্তে তৎকালের ওপর ভরসা করে গন্তব্যে পৌঁছানোর আর কোনো সুযোগ থাকছে না সাধারণ সাধারণ যাত্রীদের কাছে। দূরপাল্লার ট্রেন ভ্রমণের ক্ষেত্রে এই নতুন নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চর্চা।
বর্তমানে দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে সাফল্যের সঙ্গে চলাচল করছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাওড়া থেকে কামাখ্যা (গুয়াহাটি), মুম্বই সিএসএমটি থেকে এসএমভিটি বেঙ্গালুরু এবং বারাণসী থেকে নতুন দিল্লি রুট। নর্থ সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) ড. শিবম শর্মা এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন যে, ট্রেনের টিকিট বন্টনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ যাত্রীদের সুষ্ঠু পরিষেবা দিতেই রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও জানান, এই ট্রেনের সমস্ত আসনই নির্দিষ্ট অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড বা এআরপি (Advance Reservation Period) নিয়ম মেনে সাধারণ কোটাতেই বুকিং করতে হবে।
রেল সূত্রে খবর, তৎকাল কোটা তুলে নেওয়ার পাশাপাশি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়মও জারি করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র কনফার্মড (Confirmed) টিকিট হাতে থাকলেই তবেই যাত্রীরা এই প্রিমিয়াম ট্রেনে ওঠার অনুমতি পাবেন। কোনো অবস্থাতেই ওয়েটিং লিস্ট (Waiting List) বা আরএসি (RAC) টিকিটধারী যাত্রীরা ট্রেনে চাপতে পারবেন না। যাত্রীদের সুবিধার্থে এবং ট্রেনে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতেই এই বিশেষ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে রেল দপ্তর।
এর পাশাপাশি টিকিট বাতিল বা ক্যানসেলেশনের ক্ষেত্রেও যুক্ত করা হয়েছে অত্যন্ত কড়া পেনাল্টি নিয়ম। রেলের নয়া নির্দেশিকা অনুযায়ী, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে মূল ভাড়ার ২৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। আবার ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে কাটা পড়বে মূল ভাড়ার ৫০ শতাংশ টাকা। সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে শেষ মুহূর্তে টিকিট বাতিলকারীদের জন্য। ট্রেন ছাড়ার আগের শেষ ৮ ঘণ্টার মধ্যে টিকিট ক্যানসেল করলে রিফান্ড বাবদ কোনো টাকাই ফেরত পাওয়া যাবে না; অর্থাৎ টিকিটের পুরো টাকাই বাজেয়াপ্ত করবে রেল। অত্যাধুনিক সুবিধা সমৃদ্ধ এই ট্রেনের ৮২৩টি আসনের মধ্যে এসি থ্রি টিয়ারে ৬১১টি, এসি টু টিয়ারে ১৮৮টি এবং ফার্স্ট এসি ক্লাসে ২৪টি আসন রয়েছে।