ভারী বৃষ্টি উপেক্ষা করে জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে খতম পাকিস্তানের দুই জইশ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে পাকিস্তানের দুই সন্দেহভাজন জঙ্গি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল ওই দুই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে উধমপুরে এই জঙ্গি মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর জানিয়েছে, অবিরাম বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মজালটার ব্রাট্টাল সোহান ও খুব্বান এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। গত ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর রাতের মধ্যে গোয়েন্দা সূত্র থেকে সুনির্দিষ্ট তথ্য আসে যে, ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এর পরেই সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত নয়টা থেকেই সংশ্লিষ্ট এলাকাটি ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় জঙ্গিদের সঙ্গে প্রাথমিক সংঘাতের জেরে কিছু রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এরপর সারারাত এলাকাটি শান্ত থাকলেও বৃহস্পতিবার সকালে পরিস্থিতি পাল্টে যায়। ঘিরে রাখা বলয় ভেঙে পালানোর চেষ্টা চালায় সন্ত্রাসবাদীরা এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে।
জবাবে ভারতীয় জওয়ানরাও পাল্টা আক্রমণ চালায়। দীর্ঘক্ষণ ধরে চলা এই তীব্র গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়। প্রতিকূল ভূখণ্ড, প্রবল বৃষ্টি এবং কম দৃশ্যমানতার মতো বাধা অতিক্রম করে জওয়ানরা এই অভিযান সফল করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় এখনও অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে। অন্য কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে পুরো এলাকা জুড়ে চিরুনি তল্লাশি ও নজরদারি এখনও অব্যাহত রয়েছে।