বোনাসের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? রেলকর্মীদের জন্য বিরাট খুশির খবর, দীপাবলির আগেই পকেট ভারী হবে সাড়ে ১১ লক্ষ কর্মীর!

কেন্দ্রীয় রেলকর্মীদের জন্য খুশির খবর। উৎসবের মরশুমের আগে দীপাবলির উপহার হিসেবে তাঁরা পেতে চলেছেন ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের প্রায় সাড়ে এগারো লক্ষ নন-গেজেটেড রেলকর্মী।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কর্মীদের এই বোনাস বাবদ মোট দুই হাজার এক কোটি একষট্টি লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। গত কয়েক বছর ধরে পুজোর আগে রেলকর্মীদের জন্য এই বোনাস দিয়ে আসছে কেন্দ্র। এবারও তার অন্যথা হচ্ছে না। দীপাবলির ঠিক আগেই এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে আশা করা হচ্ছে।

রেল কর্মচারীদের কাজের উৎসাহ বাড়াতে এবং তাঁদের পারফর্ম্যান্সকে স্বীকৃতি দিতেই মূলত এই বোনাস দেওয়া হয়ে থাকে। বিশেষ করে ট্র্যাকম্যান, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান এবং অন্যান্য নন-গেজেটেড কর্মীরা এর সুফল পাবেন। উৎসবের ঠিক আগে এই ঘোষণা হওয়ায় রেল পরিবারগুলির মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।