বুরহানপুরে লজ্জার সীমা ছাড়াল! নাবালিকা দুই মেয়েকে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে গর্ভবতী করার অভিযোগ নিজ মায়ের বিরুদ্ধে

মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে সামনে এসেছে এক মর্মান্তিক ও অমানবিক ঘটনা। নিজের দুই নাবালিকা কন্যাকে টাকার বিনিময়ে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল খোদ তাদের মায়ের বিরুদ্ধে। দীর্ঘ দু’বছর ধরে চলা লাগাতার যৌন নির্যাতনে দুই কিশোরীই গর্ভবতী হয়ে পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। কিছুদিন আগে ওই মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে দুই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলার শুনানিতে দুই নাবালিকা আদালতে হাজিরা দিলে তাদের শারীরিক অবস্থা দেখে হতবাক হয়ে যান বিচারক ও তদন্তকারীরা। জেরায় দুই বোন জানায়, দেড় থেকে দু’বছর আগে তাদের মা লোভের বশে তাদের ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তুলে দিয়েছিলেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বড় মেয়েকে প্রথমে পঁচিশ হাজার টাকার বিনিময়ে এবং পরবর্তীতে আরও কয়েক লক্ষ টাকার বিনিময়ে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। একইভাবে ছোট মেয়েকেও এক ব্যক্তির কাছে ১ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে মায়ের বিরুদ্ধে। অভিযুক্তরা লাগাতার ওই দুই নাবালিকার ওপর যৌন অত্যাচার চালায়, যার জেরে তারা গর্ভবতী হয়ে পড়ে।
এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই আদালতের নির্দেশে মামলাটি মধ্যপ্রদেশের শাহপুর থানায় স্থানান্তরিত করা হয়। পুলিশ পকসো আইন এবং বাল্যবিবাহ বিরোধী আইনসহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই অভিযুক্ত মা সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। বাকি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতাদের এবং ধৃতদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।