পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ সিবিআইয়ের, সরাসরি তলব ৫ পুরকর্মীকে!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত আরও জোরদার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। দুর্নীতির অভিযোগে এবার দক্ষিণ দমদম, কামারহাটি এবং বরানগর—এই তিন পুরসভার মোট পাঁচজন কর্মীকে তলব করা হয়েছে। মঙ্গলবারই তাঁদের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচ কর্মীর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতি ও গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। প্রার্থীর তালিকা তৈরি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে কোনও নিয়মবহির্ভূত পদক্ষেপ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে এই মামলায় একাধিক প্রভাবশালী নেতার নাম জড়ানোর পাশাপাশি বেশ কিছু গ্রেফতারির ঘটনাও ঘটেছে। ফলে এই তিন পুরসভার কর্মচারীদের সিবিআই তলব ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।