বিহার নির্বাচনের আগে আরজেডি নেতাকে ৬টি গুলি! তেজস্বীর বিরুদ্ধে লড়তে গিয়ে খুন?

বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি-র নেতা রাজকুমার রাই ওরফে আল্লা রাইকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বিহারের রাজনীতি। জেডিইউ-বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আরজেডি, কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল।
রাজকুমার রাইয়ের দিদি শীলা দেবী এই হত্যাকাণ্ডের জন্য খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুনিরা ধরা না পড়া পর্যন্ত তাঁরা ভাইয়ের শেষকৃত্য করবেন না এবং প্রয়োজনে রাস্তা ও থানা ঘেরাও করবেন। তিনি অভিযোগ করেন, এটি একটি ঠান্ডা মাথায় করা পরিকল্পিত খুন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাটনার মুন্না চক এলাকার চিত্রগুপ্ত নগর থানা এলাকায় এই ঘটনা ঘটে। বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী রাইকে তাড়া করে মোট ছয়টি গুলি করে। একটি গাড়িতে করে ফিরছিলেন তিনি। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি একটি হোটেলের ভিতরে ঢুকে গেলেও শেষরক্ষা হয়নি। পুলিশ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে এই খুনে দুজন জড়িত। তিনি আরও জানান, নিহত ব্যক্তি রাজনীতি করতেন এবং জমি কেনাবেচার ব্যবসায় জড়িত ছিলেন। তাই এটি ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক কারণে খুন, তা পুলিশ খতিয়ে দেখছে।
রাজকুমার রাইয়ের পরিবার জানিয়েছে, তিনি আরজেডি থেকে ইস্তফা দিয়েছিলেন এবং আসন্ন নির্বাচনে রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। উল্লেখ্য, এই রাঘোপুর বিধানসভা থেকেই ভোটে লড়েন আরজেডি নেতা তেজস্বী যাদব। স্থানীয়দের মতে, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক এবং ব্যবসায়িক উভয় কারণই থাকতে পারে।