বিস্ফোরণে কাঁপল হাওড়া! দাউদাউ আগুনে ভস্ম স্পঞ্জ কারখানা, রাতভর রাস্তায় হাজারো মানুষ

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল হাওড়া। বৃহস্পতিবার রাতে হাওড়া-আন্দুল রোডের হাঁসখালি পোল সংলগ্ন একটি স্পঞ্জ কারখানায় দাউদাউ করে আগুন লেগে মুহূর্তে সেটি ভস্মীভূত হয়ে যায়। কারখানায় মজুত থাকা দাহ্য পদার্থ এবং রাসায়নিকের ড্রামে ভয়ানক শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটতে শুরু করলে আগুনের ভয়াবহতা কয়েক গুণ বেড়ে যায়।
ঘটনাস্থলে কয়েকশো ফুট উচ্চতায় আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া পৌঁছলে স্থানীয় জনবসতিপূর্ণ এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেন। আগুনের গ্রাসে গোটা এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু কারখানায় বিপুল পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকার কারণে আগুন দ্রুত ভয়ংকর রূপ নেয়। ফলে আগুন নেভাতে গিয়ে চরম বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রশাসন দ্রুত মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।
এক দমকল আধিকারিক জানান, প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হয়। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। কী কারণে এই আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা জানতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।