বিয়ের বাড়িতে শোকের ছায়া! আবর্জনা পোড়াতে গিয়ে আগুন, বানারহাটে পাঁচ বিঘা জমির ধান ভস্মীভূত

মাত্র দু’দিন আগে যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ, মঙ্গলবার দিনের আলোয় সেই বাড়িতেই নেমে এল বিষাদের ছায়া। বানারহাট থানার অন্তর্গত পূর্ব খয়েরকাটা এলাকায় ভূপেন চন্দ্র রায়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে।

অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি:

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানের আবর্জনা পোড়াতে গিয়ে আগুন পাশের খড়ের গাদায় ছড়িয়ে পড়ে। সেই আগুন মুহূর্তের মধ্যে বাড়ির দিকে ধেয়ে আসে। আগুনে ভূপেন চন্দ্র রায়ের দুটি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

সবচেয়ে বড় ক্ষতি হয় ফসলের। খড়ের গাদায় প্রায় পাঁচ বিঘা জমির সদ্য কাটা ধান জমা করা ছিল। চোখের পলকে পরিবারের সদস্যদের সামনেই সেই ধান পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক অল্পের জন্য রক্ষা পেলেও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ:

আগুন লাগার পরই স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন এবং দমকলে খবর দেন। ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দমকলকে অনেক আগে খবর দেওয়া হলেও তারা অনেক দেরিতে আসায় ততক্ষণে আগুন রুদ্ররূপ ধারণ করে সবকিছু গ্রাস করে ফেলে। যদিও শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty