বিমানের সব ঠিক, তবুও চালু হলো ‘RAT’ সিস্টেম! এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘বিরল ঘটনা’, বড় তদন্তের দাবি পাইলটদের

কয়েক মাস আগেই আমদাবাদে ঘটা ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahemdabad Air India Crash) পর এবার আরও একবার শিরোনামে এল এয়ার ইন্ডিয়া (Air India Flight)। শনিবার পাঞ্জাবের অমৃতসর থেকে ইংল্যান্ডের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে দেখা দেয় গুরুতর যান্ত্রিক গোলযোগ। মাঝ আকাশে হঠাৎ বিমানের ‘র‍্যাম এয়ার টারবাইন’ (RAT) সিস্টেম সক্রিয় হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।

এই ঘটনাকে ‘গুরুতর প্রযুক্তিগত বিষয়’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল দফতর (DGCA) ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

কী এই RAT সিস্টেম?
‘র‍্যাম এয়ার টারবাইন’ (RAT) হলো বিমানের একটি জরুরি সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় যখন বিমানের প্রধান বিদ্যুৎ বা হাইড্রোলিক শক্তি পুরোপুরি হারিয়ে যায়। এটি একটি ছোট প্রপেলারের মতো অংশ, যা বাতাসের ধাক্কায় ঘুরে বিদ্যুৎ বা হাইড্রোলিক চাপ তৈরি করে বিমানকে জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

নিরাপদ অবতরণ, তবুও উদ্বেগ
DGCA সূত্রে খবর, অমৃতসর থেকে বার্মিংহামের পথে থাকা ফ্লাইট AI117 যখন অবতরণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই আচমকা RAT সিস্টেম সক্রিয় হয়ে যায়।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, যদিও ক্রু সদস্যরা RAT সক্রিয় হতে দেখেন, তবে বিমানের বিদ্যুৎ ও হাইড্রোলিক সিস্টেম স্বাভাবিক ছিল এবং বিমানটি নিরাপদে বার্মিংহামে অবতরণ করে। এরপর বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্রাউন্ড করা হয়।

সমস্ত বোয়িং ৭৮৭ বিমানের পূর্ণাঙ্গ তদন্তের দাবি
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক মাস আগেই আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP) DGCA-র কাছে দেশের সব বোয়িং ৭৮৭ বিমানের ইলেকট্রিক সিস্টেমের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

FIP-এর সদস্য ক্যাপ্টেন সি.এস. রন্ধাওয়া বলেন, “বিমানের সমস্ত সিস্টেম ঠিকঠাক চলছিল, কিন্তু অবতরণের সময় যখন বিমানটি মাটি থেকে মাত্র ৫০০ ফুট ওপরে, তখন RAT সক্রিয় হওয়াটা খুবই বিরল ঘটনা।”

DGCA সূত্রে জানা গেছে, দুর্ঘটনা-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য এক সিনিয়র অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।