বিপদ কাটেনি? হাসপাতালের বেডে লড়ছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়, কেমন আছেন এখন তিনি?

 টলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার সন্ধ্যায় আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। পারিবারিক সূত্রে খবর, পরিচালকের একটি ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাঁকে তড়িঘড়ি ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় এবং পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত রয়েছেন। ‘চারুলতা ২০১১’, ‘মিসেস সেন’-এর মতো ভিন্ন ধারার ছবি উপহার দেওয়া এই পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও আগামী কয়েক ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।