বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের পর থেকেই শিরোনামে ‘তেলাপোকা জনতা পার্টি’ (CJP)। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই ডিজিটাল সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ঘোষণা করেছেন, পরীক্ষার বেনিয়মের প্রতিবাদে তিনি ৬ জুন ভারতে ফিরছেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়া সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন।
সোমবার এক ভিডিও বার্তায় অভিজিৎ জানান, দেশের যুবসমাজকে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে সরকারের কাছে জবাবদিহি চাইতে হবে। তাঁর কথায়, “ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুললে সরকার কথা শুনতে বাধ্য।” ৬ জুন সকালে দিল্লিতে পৌঁছে সমর্থক ও শিক্ষার্থীদের নিয়ে তিনি পার্লামেন্ট স্ট্রিট থানায় শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাইতে যাবেন।
উল্লেখ্য, ‘তেলাপোকা জনতা পার্টি’র জনপ্রিয়তা বর্তমানে আলোচনার তুঙ্গে। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা বিজেপিকেও ছাপিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে এই দলটির প্রভাব এতটাই যে, তাদের প্রতিটি ডাক সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা এবং সরকারি ব্যর্থতার বিরুদ্ধে সরব এই ‘ডিজিটাল বিপ্লব’ এখন দিল্লির রাজনৈতিক মহলে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।





