বিক্রি বাড়লেও বড় ধাক্কা! ৩৮ বছরের পুরনো এই জনপ্রিয় পরিষেবা চিরতরে বন্ধ করছে Apple!

দাম আকাশছোঁয়া হলেও বিশ্ববাজারে ক্রেতার বিন্দুমাত্র অভাব নেই মার্কিন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল (Apple)-এর। সম্প্রতি বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে মোট বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ২২ শতাংশ মডেলই ছিল অ্যাপলের। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ এই তথ্য প্রকাশ করেছে। গত বছরের ঠিক একই সময়ে বিশ্ববাজারে অ্যাপলের অংশীদারিত্ব ছিল ১৮ শতাংশ। ফলে বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীর সংখ্যা যে ক্রমাগত লাফিয়ে বাড়ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে রেকর্ড গড়া এই বিক্রির মাঝেই নিজেদের একটি অত্যন্ত জনপ্রিয় ও দীর্ঘদিনের পরিষেবা চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুপার্টিনোর এই টেক জায়ান্ট।

জানা গিয়েছে, অ্যাপল তাদের দীর্ঘদিনের ‘কমিউনিটি সাপোর্ট’ (Apple Support Community) পরিষেবাটি অতি দ্রুত বন্ধ করে দিতে চলেছে। ইতিমধ্যেই সংস্থার অফিশিয়াল কমিউনিটি সাপোর্ট প্ল্যাটফর্মে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবহারকারীদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর ২০২৬ থেকে এই পরিষেবাটি আর ব্যবহার করা যাবে না। আজ অর্থাৎ ১২ নভেম্বর ২০২৬ তারিখে অ্যাপল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা আর এই সাপোর্ট কমিউনিটি পরিচালনা করবে না।

সাধারণত এই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীরা তাঁদের ডিভাইস সংক্রান্ত যেকোনো সমস্যার কথা জানাতে পারতেন এবং অন্যান্য অভিজ্ঞ ব্যবহারকারীদের কাছ থেকে সেই সমস্যা সমাধানের জন্য কার্যকরী পরামর্শও পেতেন। পাশাপাশি নিজেদের মধ্যে প্রযুক্তিগত বিভিন্ন তথ্য আদান-প্রদান করার একটি বড় মাধ্যম ছিল এটি। ২০ নভেম্বর প্ল্যাটফর্মটি পুরোপুরি বন্ধ হওয়ার আগে ইতিমধ্যেই এর একাধিক ফিচার নিষ্ক্রিয় বা ইনঅ্যাকটিভ করে দেওয়া হয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটি শুধুমাত্র ‘রিড-অনলি’ (Read-Only) মোডে রাখা হয়েছে। অর্থাৎ, নতুন করে কোনো কমিউনিটি মেম্বার আর কিছুই পোস্ট করতে পারছেন না; বদলে কেবল পুরনো পোস্টগুলিই পড়তে পারবেন তাঁরা।

এই ডেডিকেটেড পোর্টালটি বন্ধ হয়ে গেলে গ্রাহকদের সমস্যার সমাধান কীভাবে হবে, তাও স্পষ্ট করে দিয়েছে সংস্থা। অ্যাপল জানিয়েছে, এবার থেকে যেকোনো কারিগরি বা ডিভাইস সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ব্যবহারকারীদের সরাসরি ‘Apple Support’ প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। সেখান থেকেই যাবতীয় সমস্যার সমাধান এবং ট্রাবলশুটিং পরামর্শ দেওয়া হবে। বর্তমানে অ্যাপল সাপোর্ট কমিউনিটির ওয়েবসাইট খুললেই একদম উপরে একটি নোটিশ দেখা যাচ্ছে, যেখানে প্ল্যাটফর্মটি বন্ধ হওয়ার নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৮ সালে সর্বপ্রথম ‘Apple Tech Exchange’ নামে এই প্ল্যাটফর্মটি চালু হয়েছিল, যা দীর্ঘ ৩৮ বছর ধরে কোটি কোটি অ্যাপল ব্যবহারকারীর সমস্যা সমাধানের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করেছে।