জয়া-শ্রাবন্তীর ডার্ক থ্রিলার! পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে কোন ভয়ংকর সত্য আসছে সামনে?

পরিচালক অর্জুন দত্তের হাত ধরে টলিউডে আসছে এক নতুন মনস্তাত্ত্বিক রহস্যে মোড়া ছবি ‘আরএসভিপি মার্ডার’। শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কসের ব্যানারে প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এবং সহ-প্রযোজক রূপম গোস্বামীর সহযোগিতায় নির্মিত হতে চলা এই ছবিতে জুটি বাঁধছেন দুই জনপ্রিয় তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। পাহাড়ি প্রেক্ষাপটে মানুষের সম্পর্কের জটিলতা, চাপা ঈর্ষা এবং ব্যক্তিগত নিরাপত্তাহীনতাকে কেন্দ্র করে এগোবে ছবির টানটান গল্প।

এর আগের ছবিগুলোতে মানুষের মনের সূক্ষ্ম অনুভূতি ও সম্পর্কের টানাপোড়েন অত্যন্ত সফলভাবে ফুটিয়ে তুলেছেন অর্জুন দত্ত। তবে এই প্রথমবার তাঁর স্বকীয় গল্প বলার ভঙির সঙ্গে যুক্ত হতে চলেছে রোমাঞ্চ, রহস্য এবং ডার্ক হিউমারের এক নতুন মাত্রা। ছবির পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে পাহাড়ের শান্ত ও মনোরম পরিবেশকে। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে এক ভয়ংকর বাস্তবতা।

কাহিনির সূত্রপাত ঘটে একটি বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে। উৎসবের আবহে হঠাৎই একটি অস্বস্তিকর বার্তা এসে পৌঁছয়। প্রথমটায় ঘটনাটিকে অবাস্তব বা অবিশ্বাস্য মনে হলেও, মুহূর্তের মধ্যে তা এক ভয়ংকর রূপ ধারণ করে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে সবাই। প্রশ্ন উঠতে শুরু করে দীর্ঘদিনের বন্ধুত্ব, দাম্পত্য এবং পারিবারিক আস্থার ভিত্তি নিয়ে। আপাতদৃষ্টিতে যা স্বাভাবিক ও সুন্দর বলে মনে হয়, তার গভীরে লুকিয়ে থাকে চাপা ক্ষোভ, দীর্ঘদিনের গোপন সত্য এবং স্বার্থপরতার নির্মম রূপ। প্রত্যেকেই যেন নিজেদের কোনো না কোনো অন্ধকার দিক আড়াল করতে মরিয়া হয়ে ওঠেন।

ছবিটির প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায় এই প্রজেক্ট প্রসঙ্গে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে জানান যে, এই ছবির চিত্রনাট্যের রহস্য, টানটান উত্তেজনা এবং সম্পর্কের জটিল সমীকরণ তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। অর্জুন দত্তের পরিচালনায় এই গল্প বড়পর্দায় ফুটিয়ে তুলতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর প্রযোজনা সংস্থার মাধ্যমে বাংলা গল্পকে ভাষার সমস্ত সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি, এবং এই ছবিটি সেই লক্ষ্যের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শুধু জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ই নন, এই ছবির মাধ্যমে বড়পর্দায় আরও একবার জোরালো উপস্থিতি জানান দিতে চলেছেন জনপ্রিয় নেটপ্রভাবী প্রীতি সরকার, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘Preetizen’ নামে পরিচিত। এর আগে বিভিন্ন শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এবং সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

এছাড়াও এই বিশাল স্টারকাশ্টে অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চौধুরী, প্রিয়াঙ্কা গুহ, বৈশাখী রায়, আয়ুষ দাস, রূপালি রাই ভট্টাচার্য, অভিরূপ চক্রবর্তী এবং মনোজ ওঝার মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী। পাহাড়ের বুক চিরে চলা এই মনস্তাত্ত্বিক থ্রিলারটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।