বারবার কেন বিকল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস? যান্ত্রিক ত্রুটির জেরে আতঙ্কিত যাত্রীরা

ফের যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মঙ্গলবার সকালে ১৮০ জনের বেশি যাত্রী নিয়ে কন্নুর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়া একটি বিমান মাঝ আকাশে কারিগরি সমস্যার মুখে পড়ে। উড্ডয়নের দুই ঘণ্টা পর পাইলট বিপদ বুঝতে পেরে দ্রুত বিমানটিকে ফিরিয়ে আনেন। কন্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করলে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঠিক কয়েক মাস আগে একই এয়ারলাইন্সের চেন্নাই-কলকাতা ফ্লাইটেও অভিন্ন অভিজ্ঞতার মুখে পড়েছিলেন যাত্রীরা। সেদিন রাতে রানওয়েতে বিমান থামিয়ে দুইবার যান্ত্রিক ত্রুটির জানান দিয়েছিলেন পাইলট। ঘন্টার পর ঘণ্টা বিমানের ভেতর আটকে থাকা যাত্রীরা সেসময় চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছিলেন। বারবার এই ধরণের ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল সুরক্ষা ব্যবস্থা নিয়ে অন্দরে-বাইরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও উভয় ক্ষেত্রেই কোনো হতাহতের খবর নেই, তবুও এভিয়েশন সেফটির মানদণ্ড নিয়ে কঠোর নজরদারির দাবি তুলেছেন ভুক্তভোগী যাত্রীসহ সংশ্লিষ্ট মহল।