“বাংলাদেশ বানিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত!” প্রশান্ত ভূষণের হুংকারের জবাবে তোপ দাগলেন শাহনওয়াজ হুসেন

বিরোধী জোটের ‘শাসন পরিবর্তন’ (Regime Change) বা ক্ষমতা বদলের খোলাখুলি হুমকিকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে চরম উত্তাপ সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, আইসা (AISA) নেত্রী নেহা বোরা এবং সিজেপি প্রধান অভিজিৎ দীপকের বিতর্কিত মন্তব্যের পর এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর রাজনৈতিক সহযোগীদের বিরুদ্ধে রণংদেহি মূর্তি ধারণ করেছে শাসকদল বিজেপি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন যৌথভাবে বিরোধীদের এই মনভাবকে গণতান্ত্রিক প্রক্রিয়ার চরম অপমান বলে চিহ্নিত করেছেন।

শুক্রবার লখনউতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য ছড়ানোর গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “কংগ্রেস ও তার মিত্ররা যুবসমাজকে দেশের উন্নয়নে না লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। একদল বলছে তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে সরকার উৎখাত করতে চায়, অন্যজন রাজপথে আগুন জ্বালানোর চক্রান্ত করছে। ‘শাসন পরিবর্তন’-এর মতো শব্দ ব্যবহারেই প্রমাণ হয় যে, এদের লড়াই নির্বাচন কমিশন বা ভোটার তালিকার সংস্কার নিয়ে নয়; এদের মূল উদ্দেশ্য দেশে নৈরাজ্য তৈরি করে ক্ষমতা দখল করা।” রাহুল গান্ধীকে পরামর্শ দিয়ে রাজনাথ সিং আরও বলেন যে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট না করে নিজের ভুল রাজনৈতিক কৌশল নিয়ে তাঁর আত্মবিশ্লেষণ করা উচিত।

অন্যদিকে, বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানান যে রাজনাথ সিং একদম সঠিক কথা বলেছেন। শাহনওয়াজ বলেন, “রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা যেভাবে শাসন পরিবর্তনের কথা বলছেন, তাতে তাঁরা সরাসরি দেশের কোটি কোটি সাধারণ ভোটারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। দেশের মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নির্বাচন করেছেন। কিন্তু বিরোধীরা শক্তিশালী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অনুঘটকদের হাত ধরে গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংস করার বিপজ্জনক খেলা খেলছে, যা দেশের জনগণ কখনোই মেনে নেবে না।”