বছরে বেতন ৯৫ লক্ষ! ঘোরার শখে কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসনের কোম্পানি

ঘুরতে ভালোবাসেন? আর ট্রাভেলের শখকে যদি প্রফেশনে বদলে ফেলা যায়, তবে কেমন হয়! এবার বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসনের বিখ্যাত কোম্পানি ‘ভার্জিন গ্রুপ’ (Virgin Group) নিয়ে এল এক দুর্দান্ত সুযোগ। কোম্পানির ‘ইয়েস’ ডিপার্টমেন্টের জন্য একজন বিশেষ কনটেন্ট ক্রিয়েটর বা ‘হেড অফ ইয়েস’ (Head of Yes) পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই লোভনীয় চাকরির জন্য মিলবে ১ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন। সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই পদের জন্য কোনো বিশাল সেলিব্রিটি বা লক্ষ লক্ষ ফলোয়ার্সযুক্ত প্রফেশনাল ক্রিয়েটর হওয়ার কোনো প্রয়োজন নেই।
আসন্ন জানুয়ারি ২০২৭ থেকে শুরু হতে চলা এই ৬ মাসের রোমাঞ্চকর চাকরিতে নির্বাচিত প্রার্থীকে সারা দুনিয়া ঘুরে বেড়াতে হবে। মার্কিন নাগরিকদের জন্য ১ লক্ষ ডলার এবং ব্রিটিশ নাগরিকদের জন্য ৭৫ হাজার পাউন্ড বেতন ধার্য করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে ‘ভার্জিন রেড’-এর সঙ্গে মিলে পৃথিবীর সেরা সব জায়গা, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এবং অসাধারণ মুহূর্তগুলো ছবি ও ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি করতে হবে।
সাধারণত এমন হাই-প্রোফাইল কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় আকাশছোঁয়া ফলোয়ার্স বা প্রফেশনাল শোরীলের প্রয়োজন হয়, তবে এই ক্ষেত্রে সেই সমস্ত কোনো শর্তই নেই। শিল্পপতি রিচার্ড ব্র্যানসন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে (@richardbranson) স্পষ্ট করে জানিয়েছেন যে এটি কোনো সাধারণ লটারি বা ভাগ্যপরীক্ষা নয়, বরং সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে মিলবে এই মোটা অঙ্কের চাকরি। আবেদনকারীকে কেবল নিজের জীবনের সেই মুহূর্তটি তুলে ধরতে হবে, যখন কোনো চ্যালেঞ্জিং বা রোমাঞ্চকর সুযোগকে তিনি ‘হ্যাঁ’ বলেছিলেন এবং তাঁর জীবন বদলে গিয়েছিল।
আমেরিকা বা ব্রিটেনের বাসিন্দারা এই সুযোগ লুফে নিতে পারেন, তবে হাতে সময় খুবই কম। আবেদন করার জন্য প্রার্থীকে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে, যেখানে তাঁকে বলতে হবে যে তিনি কবে কোনো রোমাঞ্চকর কাজের জন্য সম্মতি জানিয়েছিলেন। এরপর সেই ভিডিওটি ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকে #HeadOfYes হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হবে এবং @Virgin অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে। এই বিশেষ চাকরির জন্য আবেদন জানানোর শেষ তারিখ আগামী ২০ অক্টোবর রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত।