‘বাংলাদেশি’ তকমা দিয়ে ‘আটক!’ উত্তরপ্রদেশ থেকে ১৫ জন পরিযায়ী শ্রমিককে ফেরাল মুর্শিদাবাদ পুলিশ

উত্তরপ্রদেশ পুলিশ কর্তৃক ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আটকে রাখা ১৫ জন পরিযায়ী শ্রমিককে নিরাপদে ফিরিয়ে এনেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এই শ্রমিকরা বুধবার সকালে সালার আজিমগঞ্জ শাখার চৌরিগাছা স্টেশনে নামেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের পাঁচ দিন ধরে আটকে রাখা হয়েছিল এবং বাংলাদেশে পুশব্যাকের পরিকল্পনা করা হচ্ছিল।
মুর্শিদাবাদ জেলা পুলিশের সুপার কুমার সানিরাজ বলেন, “সোশ্যাল মিডিয়ায় ওই শ্রমিকদের উদ্ধারের আবেদন দেখতে পাওয়ার পর আমরা উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করি। প্রয়োজনীয় প্রমাণ দাখিল করার পর তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
বহরমপুর থানা এলাকার দোসীমানাপাড়া, হালসানাপাড়া এবং চাঁদপাড়ার এই ১৫ জন বাসিন্দা হকারের কাজ করতেন। তারা জানান, উত্তরপ্রদেশের বস্তি জেলার পুলিশ তাদের ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও জাল নথি বলে গ্রাহ্য করেনি। এক শ্রমিক, নূর আহম্মেদ বলেন, “আমাদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা চলছিল।”
অন্য এক শ্রমিক এজাজ আহম্মেদ জানান, তারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে প্রশাসনের কাছে উদ্ধারের আবেদন জানিয়েছিলেন। সেই ভিডিও দেখার পরই মুর্শিদাবাদ পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই শ্রমিকরা রেল স্টেশনে পৌঁছান। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুল ও মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয়। সবাই সুস্থ আছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।