বয়স্ক ও মহিলাদের জন্য বাম্পার ধামাকা! কোন সরকারি যোজনা নিলে অ্যাকাউন্টে ঢুকবে সোজা ৩০০০ থেকে ৪৫০০ টাকা?

বিজেপি সরকারের আরও এক মেগা প্রতিশ্রুতি বাস্তবায়িত করে পুজোর আগেই বাংলার সাধারণ মানুষ ও মহিলাদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং জনপ্রিয় ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে একাধিক যুগান্তকারী ও জনকল্যাণমুখী ঘোষণা করেন। রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এবার থেকে সমস্ত উপভোক্তাদের জন্য বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক ও দুস্থ মহিলারা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
এদিনের বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, তাঁরা চাইলে ১৫০০ টাকার সাধারণ ভাতা সারেন্ডার করে মাসিক ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনার ভাতা বেছে নিতে পারেন। এর ফলে তাঁরা দ্বিগুণ আর্থিক সুবিধা লাভ করবেন। এই বিষয়ে ইচ্ছুক উপভোক্তাদের নিজ নিজ এলাকার নিকটবর্তী বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, নারী ও শিশু কল্যাণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ এই প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতার মুখে না পড়েন এবং যথাযথ গাইডলাইন দিয়ে তাঁদের সবরকমভাবে সাহায্য করা হয়।
বিশেষত দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী মহিলাদের জন্য অতিরিক্ত আর্থিক সুরক্ষার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান যে, ২৫ থেকে ৬০ বছর বয়সি প্রায় ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গ দিদি ও বোনদের কথা মাথায় রেখে বিশেষ নিয়ম করা হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী দুটি আলাদা ভাতা একসঙ্গে পাওয়ার সংস্থান না থাকলেও, দিব্যাঙ্গ মহিলাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে ২৫ থেকে ৬০ বছর বয়সি দিব্যাঙ্গ মহিলারা মাসিক ১,৫০০ টাকার নিয়মিত ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাও একসঙ্গে পাবেন। অর্থাৎ তাঁরা প্রতি মাসে মোট ৪,৫০০ টাকার আর্থিক সহায়তা লাভ করবেন। সরকারের এই মেগা প্রকল্প বাস্তবায়নের ধারা বজায় রেখে আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনটি গোটা রাজ্য জুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালিত হবে এবং ওই দিনই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।