বন্ধুদের মদের আসরেই খুন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪)। অভিযোগ, মদের আসরে বন্ধুদের হাতে পিটিয়ে খুন হয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের হুমাইপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী মতিয়ার রহমানের ছেলে আজাদ রহমান প্রায়ই তাঁর বাড়িতে মদের আসর বসাতেন। সেখানে নিয়মিত ঝগড়াঝাঁটি লেগেই থাকত। সোমবারও একইভাবে আসর বসেছিল, যেখানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব। হঠাৎ করেই বন্ধুদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। স্থানীয়দের দাবি, সেই হাতাহাতিতেই বুদ্ধদেবকে পিটিয়ে খুন করা হয়েছে।

বাগানে রক্তাক্ত দেহ, আটক ৪
মঙ্গলবার সকালে মতিয়ার রহমানের বাড়ির বাগানে বুদ্ধদেবের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর গলায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি পরিকল্পিত খুন। এই ঘটনায় প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে আজাদ রহমান, তাঁর মা এবং আজাদের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

দোষীদের কঠোর শাস্তির দাবি
এলাকার বাসিন্দারা এই ঘটনায় আজাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা জামাইল ইসলাম বলেন, “প্রতিদিন সন্ধ্যায় এখানে নেশার আসর বসত। অনেকবার বলেও কোনো লাভ হয়নি। আমরা চাই, দোষীদের কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।” বারাসত পুলিশ জেলার এক পুলিশ কর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই খুনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।