বছরের পর বছর ধরে থমকে কাজ! মুম্বই-গোয়া হাইওয়ের বেহাল দশা নিয়ে এবার মুখ খুললেন খোদ নিতিন গড়করি

বছরের পর বছর ধরে চলা এবং কোটি কোটি টাকা খরচ হওয়ার পরেও শেষ হচ্ছে না দীর্ঘ প্রতীক্ষিত মুম্বই-গোয়া হাইওয়ের সম্প্রসারণের কাজ। কোথাও ভাঙা রাস্তা, কোথাও জমে থাকা জল আবার কোথাও তীব্র যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। কাজের এই দীর্ঘসূত্রিতা ও ঢিলেমি নিয়ে এবার নিজের চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। এমনকী তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই হাইওয়ের কাজ শেষ হওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন না।

বুধবার পানাজির কাছে পরভোরিমে একটি ছয় লেনের এলিভেটেড রোড করিডরের উদ্বোধন করতে গিয়ে নিতিন গড়করি মুম্বই-গোয়া হাইওয়ের করুণ দশা নিয়ে মুখ খোলেন। তিনি স্পষ্টভাবে জানান যে, এই হাইওয়ের কাজ সম্পন্ন হতে এত দীর্ঘ সময় লাগার কারণে তিনি ব্যক্তিগতভাবে ‘লজ্জিত’। এই কারণেই তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে কাজ সম্পূর্ণ হওয়ার পর এর উদ্বোধনে তিনি যাবেন না। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান যে, এই হাইওয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি মঙ্গলবার আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায় বৈঠক করেছেন। শুধু বৈঠকেই থেমে না থেকে, আগামী অক্টোবর মাসে মুম্বই বিমানবন্দরে নেমে সরাসরি সড়কপথে গোয়া যাওয়ার পরিকল্পনাও করেছেন তিনি। নিজে পুরো রাস্তা ঘুরে দেখে যাত্রাপথ কতটা সুগম হয়েছে তা যাচাই করবেন।

প্রায় ৪৪০ কিলোমিটার দীর্ঘ এই মুম্বই-গোয়া হাইওয়ে সম্প্রসারণের প্রকল্প বহু বছর ধরে ঝুলে রয়েছে এবং বারবার এর নির্ধারিত সময়সীমা পিছিয়েছে। বিশাল অংকের অর্থ ব্যয় করা হলেও হাইওয়ের বিভিন্ন অংশ নিয়ে যাত্রীদের মনে ক্ষোভের অন্ত নেই। সম্প্রতি প্রথম বর্ষার বৃষ্টিতেই নতুন তৈরি হওয়া রাস্তার পিচ উঠে যাওয়া এবং বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। এর জেরে আজও বহু জায়গায় ট্রাফিক ঘুরিয়ে দিতে হচ্ছে। শুধু তাই নয়, হাইওয়ের নিরাপত্তার মান নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। ২০২১ সালে বন্যপ্রাণীদের জন্য তৈরি একটি ওভারপাস সম্প্রতি ভেঙে পড়ার ঘটনাও উদ্বেগের সৃষ্টি করেছে। কাজের এই অনিয়ম ও গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে গড়করি জানিয়েছেন যে, পরিকাঠামো উন্নয়নে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। দায়িত্বে অবহেলাকারী ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty