‘বইমেলা রাজনীতির আখড়া নয়!’ রাজ্যের সাহিত্য-সংস্কৃতিকে রাজনীতির নাগপাশমুক্ত করার ডাক শমীক ভট্টাচার্যের

বইমেলাকে কোনো রাজনৈতিক ক্ষেত্র বা প্রচারের মঞ্চে পরিণত করা উচিত নয় বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহের জন্মদিনে মহাজাতি সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজ্যের সাহিত্য ও শিল্পকলাকে ‘রাজনীতির নাগপাশ’ থেকে মুক্ত করার আহ্বান জানান।
ডিজে বিতর্ক ও আক্রমণ অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তীব্র আক্রমণ করেন শমীক। তিনি বলেন, “শুনেছিলাম রবীন্দ্রসংগীতের সঙ্গে ডিজে বাজানোর কথা বলা হচ্ছে। তখন মনে হচ্ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর উপরে কাঁদছেন। যিনি একসময় রাজ্যে এসব করার কথা বলেছিলেন, তিনি এখন বলছেন দেশে গিয়ে ডিজে বাজাবেন। বিতর্ক থাকবে, কিন্তু তার মধ্যেই সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হবে।”
বইমেলার স্থান পরিবর্তন নিয়ে জল্পনা বইমেলার জায়গা পরিবর্তন বা গড়ের মাঠে পুনরায় মেলা ফিরিয়ে আনা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। এ বিষয়ে শমীক ভট্টাচার্য বলেন, “বইমেলা হোক বা অন্য যেকোনো সামাজিক অনুষ্ঠান, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই। আমরা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাই না। রাজ্যে সরকার চলছে, দল (বিজেপি) প্রশাসন নিয়ন্ত্রণ করবে না।”
সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির দূরত্ব শমীকের কথায়, বইমেলা হলো সৃজনশীলতার আদান-প্রদানের জায়গা। সেখানে রাজনৈতিক আধিপত্য বিস্তার করা হলে তার আসল উদ্দেশ্য ব্যাহত হয়। সাহিত্য ও শিল্পের সঙ্গে রাজনীতির সরাসরি সম্পর্ক না রাখাই বাঞ্ছনীয় বলে তিনি মতপ্রকাশ করেন। উল্লেখ্য, বুদ্ধদেব গুহের কন্যার তরফ থেকে বইমেলা ও রাজ্যের সাংস্কৃতিক পরিবেশ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তার প্রেক্ষিতেই শমীক ভট্টাচার্যের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।