‘ফোন হ্যাক করে ফাঁসানোর ভয়ঙ্কর চক্রান্ত চলছে!’ বিমান থেকে নামিয়ে আটকের পরই বিস্ফোরক CJP নেতা সৌরভ দাস

নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই মুম্বই থেকে দিল্লিগামী বিমান থেকে নাটকীয় কায়দায় আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও জাতীয় মহলে শোরগোল পণ্ড হয়েছিল। রবিবার ২৪ ঘণ্টা হেফাজতে থাকার পর মুক্তি পেলেও দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যন্ত মারাত্মক ও গভীর ষড়যন্ত্রের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) নেতা সৌরভ দাস। তাঁর স্পষ্ট দাবি, পরিকল্পিতভাবে তাঁদের ফোন হ্যাক বা ক্লোন করে আগামী দিনে কোনো বড় ফাঁদে ফাঁসানোর ছক কষা হচ্ছে।

রবিবার বিকেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মেজাজে ধরা দেন সিজেপি নেতা সৌরভ দাস। তিনি অভিযোগ করেন, বিমান থেকে নামানোর সময় তাঁদের মোবাইল ফোনগুলি কেড়ে নিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ফোন বাজেয়াপ্ত করা হলেও পুলিশের পক্ষ থেকে তাঁদের কোনো নির্দিষ্ট জব্দ তালিকা বা সিজার লিস্ট দেওয়া হয়নি।

এই প্রসঙ্গে অতীতে চাঞ্চল্যকর ভীমা কোরেগাঁও মামলার স্মৃতি উসকে দিয়েছেন সৌরভ। তিনি বলেন, পুলিশ এতক্ষণ তাঁদের ফোন নিজেদের হেফাজতে রেখে যে কোনো কারসাজি করেনি, তা বিশ্বাস করার কোনো কারণ নেই। ফোনের ডেটা হ্যাক বা ক্লোন করে কিংবা ফোনে আপত্তিকর জাল নথি ঢুকিয়ে ভবিষ্যতে তাঁদের কোনো গভীর ষড়যন্ত্রে ফাঁসানোর পরিকল্পনা চলছে বলে মারাত্মক আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, অতীতে ভীমা কোরেগাঁও মামলায় ধৃত প্রবীণ ফাদার স্ট্যান স্বামীর ল্যাপটপেও একইভাবে ম্যালওয়্যার ঢুকিয়ে জাল নথি সাজানোর অভিযোগ উঠেছিল, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফরেনসিক রিপোর্টেও প্রমাণিত হয়েছিল। সেই একই কায়দায় দিল্লি পুলিশও পদক্ষেপ করছে বলে অভিযোগ সিজেপি নেতার।

প্রসঙ্গত, গত শনিবার সকালে মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ বিমানটি দিল্লির মাটিতে অবতরণ করতেই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকেন যাত্রীরা। বিমানের ভেতর সরাসরি হানা দেয় দিল্লি পুলিশের একটি বিশেষ দল। সাধারণ যাত্রীদের চোখকে ফাঁকি দিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দিপকে এবং তাঁর দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকে জোরপূর্বক নামিয়ে আটক করা হয়। মুক্তির পরই পুলিশের এই কার্যপ্রণালী এবং ফোন নিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগে রাজনৈতিক পারদ চড়েছে বহুগুণ।

Pratik Saha
  • Pratik Saha