ফের সেপটিক ট্যাঙ্কে নেমে মর্মান্তিক মৃত্যু! বিষাক্ত গ্যাসের শিকার ২ শ্রমিক, কান্নার রোল গ্রামে

সেপটিক ট্যাঙ্কের জন্য কুয়ো খুঁড়তে নেমে বিষাক্ত গ্যাসের শিকার হলেন দুই শ্রমিক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির উত্তর কৈলাশপুরে। রবিবার দুপুরে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা যৌথ অভিযানে দুই শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কৈলাশপুরের বাসিন্দা দেবাশিস সিংহ রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের জন্য কুয়ো খোঁড়ার কাজ চলছিল। কাজ করতে গিয়ে দুই শ্রমিক কুয়োর নিচে নামেন। নামার কিছুক্ষণের মধ্যেই তারা বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধারের জন্য উপরে থাকা আরও তিন শ্রমিক এবং বাড়ির মালিকের ছেলে নিচে নামলে তারাও অসুস্থ হয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকল বাহিনীকে। অসুস্থ ৪ জনকে দ্রুত উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কুয়োর নিচে থাকা দুই শ্রমিককে অক্সিজেন মাস্ক পরিয়েও শেষ রক্ষা করা যায়নি। ফায়ার ব্রিগেডের কর্মীরা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম সাবির আলি প্রধান (কালনার ধাত্রীগ্রামের বাসিন্দা) এবং জৈনক সামু (হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা)। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কুয়োর ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘিরে স্থানীয় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।