ফের রাজ্যজুড়ে ED-র তাণ্ডব! কয়লা মাফিয়াদের বিরুদ্ধে বাংলা-ঝাড়খণ্ডের ৪০টি ঠিকানায় একযোগে মেগা অভিযান

অবৈধ কয়লা মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে ফের সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ভোর থেকে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে অন্তত ৪০টি ভিন্ন ভিন্ন ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
পশ্চিমবঙ্গের কলকাতা, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া সহ একাধিক জায়গায় ইডি-র টিম হানা দিয়েছে। কলকাতার সল্টলেক এবং বাইপাস সংলগ্ন একটি বহুতল আবাসন, পাশাপাশি হাওড়াতেও একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানেও এই অভিযান চলছে। প্রতিটি টিমের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন।
ইডি সূত্রে খবর, বেআইনি কয়লা ব্যবসা ও পাচার চক্রের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেন, সম্পত্তি এবং সংশ্লিষ্ট নথিপত্রের খোঁজে এই অভিযান চালানো হচ্ছে। এই ম্যারাথন তল্লাশির মাধ্যমে কয়লা পাচার চক্রের আর্থিক উৎস ও চূড়ান্ত গন্তব্য চিহ্নিত করাই এখন ইডির প্রধান লক্ষ্য।