ফিরল নস্টালজিয়া! বড় ছাড়ে বাজারে নোকিয়ার নতুন ফ্লিপ ফোন, দাম জানলে চমকে উঠবেন!

বর্তমানের স্মার্টফোনের রমরমা বাজারেও এমন অনেক মানুষ আছেন, যাঁরা আজও সাধারণ ফিচার ফোন ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে ক্লাসিক ফ্লিপ ডিজাইনের ‘নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি’ (Nokia 2660 Flip 4G) বাজারে এনেছে নোকিয়া। ভারী অ্যাপ বা সারাক্ষণ ইন্টারনেটের ঝামেলা ছাড়াই যাঁরা শুধুমাত্র কল করা এবং মেসেজ পাঠানোর মতো জরুরি কাজের জন্য একটি টেকসই মোবাইল খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি সেরা বিকল্প।

এইচএমডি (HMD) সংস্থার অফিশিয়াল ভারতীয় ওয়েবসাইটে এই ফোনটির কালো রঙের মডেলটি মাত্র ৫,১৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। যদিও বাজারে এই মোবাইলটির আসল এক্স-শোরুম দাম ৫,৮৯৯ টাকা। অর্থাৎ, গ্রাহকরা সরাসরি ৭০০ টাকা ছাড়ে এই আকর্ষণীয় ফোনটি কিনতে পারবেন। নোকিয়ার এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ক্লাসিক ডিজাইন এবং ডুয়াল ডিসপ্লে। এতে ২.৮ ইঞ্চির একটি প্রাইমারি ইনার ডিসপ্লে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনটি না খুলেই সময়, নোটিফিকেশন এবং কলার ডিটেলস দেখার জন্য বাইরে ১.৭৭ ইঞ্চির একটি আউটার স্ক্রিন রয়েছে। সাধারণ বাটন ফোনের চেয়ে আলাদা এই ফ্লিপ ডিজাইনটি পুরনো দিনের ফোনের কথা মনে করিয়ে দেয়।

ফিচারের দিক থেকেও ফোনটি বেশ কার্যকরী। এতে ৪৮ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য ফোনটিতে ১৪৫০ এমএএইচ (1450mAh) ক্ষমতাসম্পন্ন রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে, যা মাইক্রো ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ করা যায়। বিনোদনের জন্য এতে এমপি৩ প্লেয়ার এবং ওয়্যারড ও ওয়্যারলেস—উভয় পদ্ধতিতে চালানো যায় এমন এফএম রেডিও রয়েছে, ফলে ইন্টারনেট ছাড়াই অনায়াসে গান বা খবর শোনা যাবে। এ ছাড়া ব্যবহারকারীদের সুবিধার্থে ফোনের মেনু লেআউট পরিবর্তনের বিকল্প রাখা হয়েছে। সেটিংসে গিয়ে ৩x৩ (এক স্ক্রিনে ৯টি অ্যাপ) অথবা ১x১ (বড় আকারে একটি করে অ্যাপ) লেআউট বেছে নেওয়া যায়, যা বয়স্ক বা যাঁদের ছোট অক্ষর পড়তে সমস্যা হয়, তাঁদের জন্য অত্যন্ত সহায়ক।

সুরক্ষার দিক থেকে এই ফোনে থাকা ডেডিকেটেড SOS ইমার্জেন্সি বাটনটি একটি দারুণ সংযোজন। বিপদের মুহূর্তে দ্রুত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে এটি সাহায্য করে। এর জন্য ফোনের ICE (In Case of Emergency) অপশনে আগে থেকে সর্বাধিক ৫টি জরুরি নম্বর সেভ করে রাখতে হয়। বিপদে পড়ে SOS বাটনটি চাপলে প্রথম নম্বরে স্বয়ংক্রিয়ভাবে কল চলে যায় এবং সেটি রিসিভ না হলে পর্যায়ক্রমে বাকি নম্বরগুলিতে কল যেতে থাকে। সব মিলিয়ে, যাঁরা বাবা-মায়ের জন্য সহজ ব্যবহারযোগ্য ফোন খুঁজছেন, স্মার্টফোনের আসক্তি কাটিয়ে ‘ডিজিটাল ডিটক্স’ করতে চান কিংবা একটি নির্ভরযোগ্য সেকেন্ডারি ফোন চাইছেন, তাঁদের জন্য নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি একটি আদর্শ পছন্দ।