প্রাথমিক নিয়োগ দুর্নীতি! অবশেষে জামিন পেলেন সন্তু গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের রায়ে চাঞ্চল্য

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন দেওয়া হয়েছে।

এই জামিন এমন এক সময়ে এলো যখন নিম্ন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া আজই শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই পার্থ জেল থেকে মুক্তি পাবেন।

আদালতে সন্তুর আইনজীবীদের যুক্তি ছিল: ১. প্রথম ও দ্বিতীয় চার্জশিটে সন্তুর নাম ছিল না, শুধুমাত্র দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। ২. তিনি ১৩ মাসের বেশি সময় হেফাজতে রয়েছেন। ৩. মামলায় অভিযুক্ত অয়ন শীল সহ একাধিক ব্যক্তি ইতিমধ্যেই জামিন পেয়েছেন।

সিবিআইয়ের পালটা যুক্তি ছিল: সিবিআইয়ের দাবি, সন্তু ‘সাব এজেন্ট’ হিসেবে কাজ করতেন এবং ৫১ জনের কাছ থেকে বেআইনিভাবে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি টাকার বেশি উদ্ধার হয়েছিল। সিবিআই আশঙ্কা প্রকাশ করে যে, তিনি মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ ছিল।

তবে, বিচারপতি ঘোষ অয়ন শীলের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই সন্তু গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন। গত বছর নভেম্বর মাসে সিবিআই সন্তুকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের মতোই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কোটি কোটি টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ ছিল।