তারকেশ্বর স্টেশনে শিশুর উপর পাশবিক অত্যাচার! মশারি কেটে অপহরণ, অভিযুক্তদের ধরতে আন্দোলনে বিজেপি

এক পাশবিক ও ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল তারকেশ্বর। শনিবার ভোররাতে তারকেশ্বর স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া চার বছরের এক শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল ও থানার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার ভোর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে স্টেশন সংলগ্ন নর্দমা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল, তবুও হাসপাতাল কর্তৃপক্ষ কেন পুলিশকে অবগত করেনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রাথমিক চিকিৎসার পর শিশুটির পরিবার থানায় মৌখিক অভিযোগ জানাতে গেলে, তাদের চলে যেতে বলা হয় বলে অভিযোগ। এই গাফিলতির প্রতিবাদে সন্ধ্যায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। যদিও পরে পুলিশ সক্রিয় হয়ে শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পুনরায় হাসপাতালে নিয়ে যায়। আহত শিশুটিকে পরে চন্দননগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
বিধায়ক রামেন্দু সিংহ রায়ের মতে, ঘটনাটি রেল পুলিশের এক্তিয়ারভুক্ত হওয়ায় রেল পুলিশের নিরাপত্তার অভাব থাকতে পারে। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক পর্না আদক সঠিক বিচার চেয়েছেন। পুলিশ জানিয়েছে, মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।