প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চরম অশালীন মন্তব্য! যন্তর মন্তরের বিক্ষোভ থেকে আটক দিল্লির তরুণী, দায়ের FIR

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর ও অপমানজনক ভাষা ব্যবহারের অভিযোগে এক তরুণীকে আটক করল দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ‘জিরো FIR’ দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী স্মৃতি সিংহের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যন্তর মন্তরে সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস (CJP)-এর একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল। সেই বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখান থেকেই তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে অত্যন্ত অশালীন ও অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী স্মৃতি সিংহ এই ভিডিওটি দেখার পরই আইনি লড়াইয়ে নামেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ভিডিওটি দেখার পর তিনি অভিযুক্ত তরুণীর সম্পর্কে খোঁজখবর নেন এবং নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আইনজীবী বলেন, “আমি থানায় অফিসারদের অভিযোগের সপক্ষে ভিডিওটি দেখাতে বাধ্য হই। কিন্তু ভিডিওতে এতটাই অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছিল যে, পুলিশ অফিসাররা সামান্য দেখার পরেই কানে হাত চাপা দিয়ে ভিডিওটি বন্ধ করার অনুরোধ করেন।”

পুলিশি তদন্ত ও বর্তমান পরিস্থিতি

অভিযুক্ত তরুণী তাঁর পরিবারের সঙ্গে ফরিদাবাদে থাকেন এবং সম্প্রতি নয়ডায় একটি ফ্ল্যাট কিনেছেন, যা বেশিরভাগ সময়ই বন্ধ থাকত বলে জানা গেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধান ও নতুন আইন অনুযায়ী (৩৫২, ৩৫৩-র ১, ৩৫৬-র ১ ধারা) মামলা রুজু করা হয়েছে।

এদিকে, এই ঘটনার সঙ্গে CJP সংগঠনের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে এখনও পর্যন্ত CJP-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ।

Pratik Saha
  • Pratik Saha