প্রদীপ আর লাইট জ্বালাচ্ছেন? দীপাবলিতে সামান্য ভুল ডেকে আনতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড!

উৎসবের মরশুমে আলোয় সেজে উঠছে চারপাশ। মাটির প্রদীপ, ফেয়ারি লাইটস আর নানারকম রকমারি আলোকসজ্জায় সেজে উঠছে প্রতিটি ঘর। কিন্তু আনন্দের এই বাঁধভাঙা জোয়ারে সামান্য অসাবধানতা কিংবা অবহেলা কিন্তু যেকোনো মুহূর্তে ডেকে আনতে পারে বড়সড় বিপদ। দীপাবলির মতো আলোর উৎসবে অগ্নিকাণ্ডের ঝুঁকি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়।

তাই কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং নিজের ঘর ও পরিবারকে সুরক্ষিত রাখতে উৎসবের আগেই কিছু প্রাথমিক অগ্নি-সুরক্ষা সংক্রান্ত নিয়ম জেনে রাখা জরুরি।

১. বৈদ্যুতিক সংযোগগুলো আগেই পরীক্ষা করুন দীপাবলির সময় আলোকসজ্জার ফ্যাভরি লাইটস এবং অতিরিক্ত এক্সটেনশন বোর্ড ব্যবহারের ফলে বাড়ির মূল ইলেকট্রিক লাইনের উপর বাড়তি চাপ পড়ে। তাই লাইট লাগানোর আগেই ওয়্যারিং ভালোভাবে পরীক্ষা করে নিন। কোনো তার কাটা বা ছেঁড়া থাকলে অথবা সকেট ঢিলে থাকলে দ্রুত তা ঠিক করান। ইলেকট্রিক বোর্ডে কোনোভাবেই অতিরিক্ত লোড দেবেন না। কোনো সকেট থেকে পোড়া গন্ধ বের হলে বা বারবার ট্রিপ করলে সাথে সাথে পেশাদার ইলেকট্রিশিয়ান ডেকে মেরামত করিয়ে নিন।

২. প্রদীপ ও মোমবাতি বসানোর স্থানে সতর্কতা মাটির প্রদীপ বা মোমবাতি কোনো উন্মুক্ত স্থানে রাখবেন না যেখানে হালকা বাতাসে পর্দা বা কাপড়ে আগুন লেগে যেতে পারে। দরজা-জানালার সূতি বা সিল্কের পর্দার কাছাকাছি কখনোই খোলা প্রদীপ রাখবেন না। সবসময় সমতল এবং নিরাপদ কোনো জায়গায় এগুলো বসান।

৩. বাজি ফাটানোয় বিশেষ নজর যদি বাজি ফাটানোর পরিকল্পনা থাকে, তবে খোলামেলা স্থানে এবং সুরক্ষিত দূরত্ব বজায় রেখে বাজি ফাটান। ছোটদের বাজি ফাটানোর সময় বড়দের নজরদারি থাকা বাধ্যতামূলক। ঢিলেঢালা বা সিন্থেটিক পোশাক পরে বাজির কাছে যাবেন না; সূতি ও শরীর ঢাকা পোশাক পরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

৪. জরুরি অগ্নি-নির্বাপণ প্রস্তুতি বাড়িতে বা বাজি ফাটানোর স্থানে অন্তত এক বালতি জল বা বালি হাতের কাছে প্রস্তুত রাখুন। কোনো স্থানে আচমকা স্ফুলিঙ্গ বা ছোট আগুন লাগলে যাতে সাথে সাথে নিভিয়ে দেওয়া সম্ভব হয়। বাড়ির অগ্নিনির্বাপক যন্ত্রটি (Fire Extinguisher) সচল রয়েছে কি না তাও দেখে রাখা উচিত।

৫. অ্যালার্ম ও জরুরি নম্বর সচল রাখুন বাড়িতে স্মোক অ্যালার্ম থাকলে তা সঠিকভাবে কাজ করছে কি না পরীক্ষা করে নিন। পাশাপাশি স্থানীয় ফায়ার ব্রিগেড এবং জরুরি উদ্ধারকারী দলের নম্বরগুলি ফোনের স্পিড ডায়েলে বা চোখের সামনে দৃশ্যমান জায়গায় লিখে রাখুন।

সামান্য সজাগ দৃষ্টিভঙ্গি এবং সচেতনতাই পারে আপনার ও আপনার প্রিয়জনদের এই দীপাবলিকে সত্যিকারের আনন্দময় এবং নিরাপদ করে তুলতে।