রাম হওয়ার যোগ্য রণবীর? দেবী-দেবতার চরিত্রে কটাক্ষের মুখে কিশোরকুমারের গানে মুখ ভাঙলেন অভিনেতা!

নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ ‘রামচন্দ্র’ চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর— এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় বিতর্কের ঝড়। সোশাল মিডিয়ায় প্রথম ঝলক ও লুক সামনে আসার পর থেকেই একাংশের সমালোচকদের তোপের মুখে পড়েছিলেন তিনি। ছবির গান থেকে শুরু করে রণবীরের জীবনযাত্রা ও চরিত্র নির্বাচন নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু এই সমস্ত ট্রোলিং ও নেতিবাচক মন্তব্যকে কীভাবে সামলাচ্ছেন রণবীর? অবশেষে নীরবতা ভেঙে সমালোচকদের সপাটে জবাব দিলেন অভিনেতা।

সম্প্রতি দেশের প্রায় ১৮ হাজারেরও বেশি পড়ুয়ার সঙ্গে এক বিশেষ আলোচনাসভায় অংশ নিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে সোশাল মিডিয়ার ট্রোলিং ও ট্রিপল-এ ক্যাটাগরির তারকাদের জীবনের নেতিবাচক দিকগুলি কীভাবে সামলাতে হয়, তা নিয়ে প্রশ্ন ওঠে।

পর্দায় ‘রাম’ অবতারে আসা নিয়ে চলা সমস্ত সমালোচনার জবাব দিতে গিয়ে রণবীর সুর মেলালেন কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সেই বিখ্যাত গানে— ‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহনা’ (মানুষ কিছু না কিছু বলবেই, মানুষের কাজই বলা)।

রণবীর স্পষ্ট জানান, ট্রোলিং নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, অন্যের মন্তব্য নিয়ে মাথা না ঘামিয়ে নিজের লক্ষ্য স্থির রাখা উচিত। রণবীরের কথায়, “নিজের কাজের প্রতি সততা এবং কঠোর পরিশ্রমের ওপর পূর্ণ বিশ্বাস রাখা জরুরি। কে কী বলছেন তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজটা একাগ্রতার সঙ্গে করে যাওয়া উচিত।”

উল্লেখ্য, নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রামচন্দ্রের চরিত্রে রণবীরের পাশাপাশি সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ-কে দেখা যাবে। ছবির ঘোষণা থেকেই সিনেমা প্রেমীদের উত্তেজনা তুঙ্গে থাকলেও রণবীরের নির্বাচন নিয়ে সমালোচনা কম হয়নি। তবে রণবীরের এই স্পষ্ট জবাবে স্পষ্ট— সব বিতর্ককে দূরে সরিয়ে তিনি এখন শুধু নিজের অভিনয়েই মনোযোগ দিতে চান।